প্রবা ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২২ ১৩:০০ পিএম
পল পারসন্সের তুলির আঁচড়ে মেসি-নেইমারের শৈশবের ছবি।
ছেলেবেলায় কেমন দেখতে ছিলেন লিওনেল মেসি কিংবা কিলিয়ান এমবাপ্পে? নেইমার জুনিয়রের শৈশবের ছবিই বা কেমন? দেখতে চাইলে ঘুরে আসুন পল পারসন্সের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তাহলেই পেয়ে যাবেন জনপ্রিয় ফুটবলারদের শৈশবের ছবি।
পল পারসন্স ১০ জন জনপ্রিয় ফুটবলারের বর্তমান ছবির সঙ্গে মিল রেখে তাদের শৈশবের ছবি এঁকেছেন। তার তারকা ফুটবলারদের শৈশবের আঁকা সেসব ছবি দারুন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
যে ১০ জন ফুটবলারের শৈশবের ছবি তুলে ধরেছেন তারা হলেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র, হ্যারি কেন, গ্যারেথ বেল, কেভিন ডি ব্রুয়েন, মোহাম্মদ সালাহ, গ্রিজম্যান এবং রবার্ট লেওয়ানডস্কি।
এই ফুটবলারদের ছবি সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই নানারকম মন্তব্য পাওয়া গেছে। এই ইনস্টাগ্রাম পোস্টটিতে ইতিমধ্যেই ৩৪ হাজারের বেশি লাইক পড়েছে। মন্তব্য করেছেন অনেকেই।
অনেকেই পল পারসন্সের এই কাজটিকে পছন্দ করেছেন এবং প্রিয় ফুটবলারদের শৈশব অবস্থা দেখে দারুণ মজা পেয়েছেন।
একজন নেইমারের ছবি দেখে মন্তব্য করেছেন, ‘বেবি নেইমার দারুন কিউট দেখতে।’ আর একজন লিখেছেন, ‘মেসি এবং সালাহ খুব সুন্দর।’ এমবাপ্পের ছবি দেখে একজন মন্তব্য করেছেন, ‘আহা কত মূল্যবান শিশু এমবাপ্পে।’
ইতিমধ্যেই পল পারসন্সের ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ক্রমশ বাড়তে শুরু করেছে। দ্রুত এটা ১ লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। নেইমার, হ্যারি কেন, ক্রিশ্চিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, গ্রিজমানরা বিশ্বকাপে সাফল্য না পেলেও সোশ্যাল মিডিয়ার এই পোস্টে কিন্তু দারুন জনপ্রিয়তা পাচ্ছেন।
আর সব থেকে বেশি জনপ্রিয়তা পাচ্ছেন লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পে।
কাতার বিশ্বকাপে প্রতিযোগিতার সেরা হয়ে সোনার বল দখল করেছেন আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি। আর সর্বোচ্চ গোল করে সোনার বুট জিতেছেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে।