প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬ ১৫:০১ পিএম
টাইগারদের সমর্থনে মিরপুর স্টেডিয়ামে ‘দম’ টিম। ছবিধ: প্রতিদিনের বাংলাদেশ
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গ্যালারির গর্জন আর মাঠের উত্তেজনার মাঝে বাড়তি মাত্রা যোগ করল ঢাকাই সিনেমার বহুল আলোচিত ‘দম’ চলচ্চিত্রের টিম।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচে রবিবার গ্যালারিতে উপস্থিত থেকে টাইগারদের উৎসাহ জোগান সিনেমার কলাকুশলীরা।
ম্যাচ চলাকালীন গ্যালারিতে ‘দম’ টিমের পক্ষে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো, চিত্রনায়িকা পূজা চেরি এবং প্রযোজক শাহরিয়ার শাকিলসহ আরও অনেকে। বিকেলের দিকে গ্যালারিতে তাদের উপস্থিতি সাধারণ দর্শকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি করে। এ সময় তারকারা দর্শকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং টাইগারদের প্রতিটি বাউন্ডারিতে উল্লাস প্রকাশ করেন।
মাঠে বসে খেলা দেখা প্রসঙ্গে আফরান নিশো বলেন, “মিরপুরের গ্যালারির গর্জন সবসময়ই অন্যরকম অনুভূতি দেয়। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে সেই উত্তেজনা সরাসরি অনুভব করতে পেরে দারুণ লাগছে। সঙ্গে রয়েছে আমাদের সিনেমার দম। সাধারণ মানুষের ঘুরে দাঁড়ানোর গল্প এটি, জয়ের গল্পও বলতে পারেন। মাঠে কিংবা পর্দায় আমরা জয়ই প্রত্যাশা করি”।
অন্যদিকে পূজা জানান, ‘দম’ টিমের সঙ্গে টাইগারদের সমর্থন করতে পেরে তিনি খুবই আনন্দিত।
প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, “ক্রিকেট আর সিনেমা বাংলাদেশের মানুষের আবেগের জায়গা। আমাদের জাতীয় দলের খেলোয়াড়দের অনুপ্রাণিত করতেই আমরা মাঠে এসেছি। দর্শকদের ভালোবাসা আমাদের আপ্লুত করেছে”।
এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত ‘দম’ সিনেমাটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। আফরান নিশো, পূজা চেরি, চঞ্চল চৌধুরী, ডলি জহুর অভিনীত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রেদোওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ।