প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬ ২১:২৯ পিএম
ঢাকার
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামের অবস্থা অনেকদিন
ধরেই শোচনীয়। জরাজীর্ণ অবস্থায় থাকা এই স্টেডিয়ামের অনেক যন্ত্রাংশ চুরির ঘটনাও ঘটেছে।
স্টেডিয়ামের চরম অব্যবস্থাপনা দেখে অসন্তুষ্ট যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
এ সময় দায়িত্বরত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীদের অবহেলার প্রমাণ পাওয়ায় জাতীয় ক্রীড়া
পরিষদের নির্বাহী পরিচালককে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক বদলির নির্দেশ দেন তিনি।
রবিবার (১ মার্চ) দুপুরে হঠাৎই স্টেডিয়ামটি পরিদর্শন করতে আসেন আমিনুল। স্টেডিয়ামের আশপাশ ঘুরে দেখে
তার মনে হয়েছে, এখানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি। সংবাদমাধ্যমকর্মীদের তিনি
বলেন, ‘স্টেডিয়ামটি বর্তমানে অরক্ষিত অবস্থায় রয়েছে এবং এটি মাদকের আখড়ায় পরিণত হয়েছে।
এমনকি স্টেডিয়ামের ফ্লাডলাইটের অত্যন্ত মূল্যবান যন্ত্রাংশ ও ব্লাস্ট চুরি হওয়ার ঘটনাও
ঘটেছে।’ এই ঘটনায় দায়িত্বরত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীদের অবহেলার প্রমাণ পাওয়া গেছে।
দায়ীদের বিরুদ্ধে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাহী পরিচালককে শাস্তিমূলক বদলির
নির্দেশ দেন তিনি।
কমলাপুর
স্টেডিয়ামের পরিবেশ খেলার উপযুক্ত নেই বলে মনে করেন আমিনুল। এই স্টেডিয়ামে সংস্কার
করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
স্টেডিয়ামের
নিরাপত্তার স্বার্থে বেশ কিছু উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন আমিনুল, ‘ফিফার
তহবিলের মাধ্যমে স্টেডিয়ামের সংস্কার কাজ সম্পন্ন হবে। নিরাপত্তার স্বার্থে সীমানা
প্রাচীর উঁচু করা ও কাঁটাতারের বেড়া দেওয়ার পাশাপাশি স্থানীয় মুগদা থানার সহায়তায় সার্বক্ষণিক
টহলের ব্যবস্থা করা হচ্ছে।’
আরকে/প্রবা