প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৩ পিএম
কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কক্সবাজার জেলায় চুকবল প্রশিক্ষণ কর্মসূচির শুরু হয়েছে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)। কক্সবাজার জেলা স্টেডিয়াম এবং স্থানীয় বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজ মাঠে চলমান এই চুকবল প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন বায়তুশ শরফ কমপ্লেক্স কক্সবাজারের মহাপরিচালক এমএম সিরাজুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন বায়তুশ শরফ
জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজ কক্সবাজারের অধ্যক্ষ সৈয়দ করিম, বাংলাদেশ চুকবল অ্যসোসিয়েশনের নির্বাহী সদস্য সাইফুল্লাহ্ মুনীর, প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক আবুল কাসেম কুতুবী এবং অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শারীরিক শিক্ষা শিক্ষকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চুকবল একটি দলভিত্তিক খেলা যা শারীরিক সক্ষমতা, মানসিক একাগ্রতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে। এ ধরনের প্রশিক্ষণ তরুণদের নেতৃত্বগুণ বিকাশের পাশাপাশি ইতিবাচক বিনোদনের সুযোগ সৃষ্টি করবে।
উল্লেখ্য, তারুণ্যর উৎসব পালন উপলক্ষ্যে বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় চুকবল প্রশিক্ষণ, প্রতিযোগিতা ও পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধির
লক্ষ্যে বিবিধ কর্মসূচি পালিত হচ্ছে।
কক্সবাজার জেলায় অনুষ্ঠিত এই চুকবল প্রশিক্ষণে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুল, বর্ডার গার্ড স্কুল, কক্সবাজারের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। 
আরকে/প্রবা