প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪০ পিএম
সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের জন্য প্রাথমিক দল গঠন করেছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ৫ দিনব্যাপী বাছাই প্রক্রিয়া শেষে অনূর্ধ-১৯ এবং অনূর্ধ-১৫ বালক ও বালিকাদের শীর্ষ ৩২ খেলোয়াড়দের মধ্যে ১৬ জনকে নিয়ে প্রাথমিক দল গঠন করা হয়েছে।
বাছাইতে দেশের সেরা অনূর্ধ-১৯-এর সেরা বালক টেবিল টেনিস খেলোয়াড় নির্বাচিত হয়েছে নাফিজ ইকবাল এবং অনূর্ধ-১৯ বালিকা বিভাগে খই খই সাই মারমা। অন্যরা হলো : অনূর্ধ-১৫-তে বালক বিভাগে শাহীন আহমেদ এবং অনূর্ধ-১৫ বালিকা বিভাগে জান্নাত ইসলাম রোজা। এই ৪ জনই বিকেএসপির টেবিল টেনিস শিক্ষার্থী।
এছাড়া ১ম ও ২য় বাছাইয়ে খই খই সাই মারমা এবং জান্নাত ইসলাম রোজা ১২টি খেলার সবগুলোতে জয়লাভ করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের উদ্যোগে আজ ঢাকার পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য অনূর্ধ-১৯ এবং অনূর্ধ-১৫-এর বালক এবং বালিকাদের শীর্ষ ১৬ জনকে নির্বাচিত করেছে। এদের মধ্যে ১৩ জনই বিকেএসপির। বাংলাদেশ সেনাবাহিনীর ২ জন এবং রংপুর জেলা ক্রীড়া সংস্থার ১ জন মনোনীত হয়েছে।
অনূর্ধ-১৯-এর বালকের বাকি সব নির্বাচিত খেলোয়াড়ই বিকেএসপির। তারা হলো : আবুল হাসেম হাসিব (২য়), তাহমিদুর রহমান সাকিব (৩য়) এবং মনিরুল ইসলাম (৪র্থ)।
অনূর্ধ-১৯-এর বালিকা বিভাগের বাকি নির্বাচিত খেলোয়াড় হলো : বিকেএসপির রেশমী তঞ্চংগ্যা (২য়), বাংলাদেশ সেনাবাহিনীর ঐশী রহমান (৩য়) ও বিকেএসপির নুসরাত জাহান অনন্যা (৪র্থ)।
অনূর্ধ-১৫-এর বালকের বাকি নির্বাচিত খেলোয়াড় হলো : বিকেএসপির মৃদুল রহমান (২য়), বিকেএসপির তাহমিদুল ইসলাম পরশ (৩য়) এবং বাংলাদেশ সেনাবাহিনীর রাব্বী ইসলাম (৪র্থ)।
অনূর্ধ-১৫-এর বালিকাদের বাকি নির্বাচিত খেলোয়াড় হলো : বিকেএসপির রাফিয়া চৌধুরী (২য়), রংপুর জেলা ক্রীড়া সংস্থার জান্নাতুল রোজা (৩য়) এবং বিকেএসপির সাবিয়া আক্তার পাপিয়া (৪র্থ)।
ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ সনেট বলেন, ‘সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়ানশিপের ফিক্সচার ঘোষণা না হলেও আমরা অগ্রিম দলের প্রস্তুতির জন্য টিম সিলেক্ট করে রাখলাম। বিকেএসপির পাশাপাশি স্থানীয়ভাবে প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে।’
আরকে/প্রবা