উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৮ পিএম
২০২৫-২৬ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ পর্বে যে এতটা নাটকীয়তা আর অপ্রত্যাশিত মোড় অপেক্ষা করছিল, তা হয়তো কল্পনাও করেননি ফুটবল অনুরাগীরা। ইউরোপের শ্রেষ্ঠ ক্লাব প্রতিযোগিতার এই ধাপে একের পর এক চমকে কেঁপে উঠেছে ফুটবল অঙ্গন। সবশেষ আসরের রানার্সআপ ইন্টার মিলান প্লে-অফ থেকেই বিদায় নিয়ে বড় ধাক্কা খেয়েছে। একই ভাগ্য বরণ করেছে ইতালির আরেক ঐতিহ্যবাহী জায়ান্ট জুভেন্টাসও। অন্যদিকে ইউরোপের দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও পিএসজি সরাসরি শেষ ষোলো নিশ্চিত করতে ব্যর্থ হয়ে প্লে-অফে লড়াই করেই পরবর্তী রাউন্ডে জায়গা করে নেয়।
গতকাল শুক্রবার সুইজারল্যান্ডের
নিওনে অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানের পর শেষ ষোলোর লড়াই আরও জমে উঠেছে। ড্রয়ে দেখা গেছে,
রিয়ালের সামনে অপেক্ষা করছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। টানা পঞ্চমবারের মতো চ্যাম্পিয়নস
লিগে মুখোমুখি হচ্ছে এই দুই ইউরোপীয় দানব। এ ম্যাচ রাউন্ডটির সবচেয়ে আকর্ষণীয় দ্বৈরথ।
অন্যদিকে পিএসজি কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইংলিশ জায়ান্ট
চেলসি। সাম্প্রতিক মৌসুমে আন্তর্জাতিক মঞ্চে প্রতিদ্বন্দ্বিতার ধারাবাহিকতা থাকায় ম্যাচটি
ঘিরেও উত্তেজনা তুঙ্গে।
সবচেয়ে বড় বিস্ময়ের
জন্ম দিয়েছে নরওয়ের তুলনামূলক অখ্যাত ক্লাব বোডো/গ্লিমট। প্রথমবারের মতো চ্যাম্পিয়নস
লিগে অংশ নিয়েই তারা ইতিহাস গড়ে ফেলেছে। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের দাপুটে ব্যবধানে ইন্টার মিলানকে বিদায় করে শেষ ষোলোয় জায়গা
করে নেয় দলটি। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ পর্তুগালের শক্তিশালী ক্লাব স্পোর্টিং লিসবন।
এদিকে গালাতাসারাই ও জুভেন্টাসের লড়াই ছিল রুদ্ধশ্বাস নাটকীয়তায় ভরা। দুই লেগ মিলিয়ে
৫-৫ সমতায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। শেষ মুহূর্তে
জোড়া গোল করে ৭-৫ ব্যবধানে জয় নিশ্চিত করে গালাতাসারাই, আর নিশ্চিত
করে শেষ ষোলোর টিকিট। পরবর্তী রাউন্ডে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ডের শক্তিশালী ক্লাব
লিভারপুল।
চমক দেখিয়েছে ইতালির
আরেক ক্লাব আতালান্তাও। প্রথম লেগে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর দ্বিতীয় লেগে দুর্দান্ত
প্রত্যাবর্তন করে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় তারা। তবে শেষ ষোলোয় তাদের
সামনে কঠিন চ্যালেঞ্জ ছয়বারের চ্যাম্পিয়ন জার্মান পরাশক্তি বায়ার্ন
মিউনিখ।
সমীকরণ বলছে, রিয়াল
মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মধ্যকার জয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে পারে
বায়ার্ন মিউনিখ বা আতালান্তার। পিএসজি-চেলসি দ্বৈরথের বিজয়ী দল লড়বে লিভারপুল কিংবা
গালাতাসারাইয়ের বিপক্ষে। অন্যদিকে বার্সেলোনা ও নিউক্যাসল ইউনাইটেড এর মধ্যকার জয়ী দলের সম্ভাব্য প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ অথবা টটেনহ্যাম
হটস্পার। তুলনামূলকভাবে সহজ পথ পেয়েছে আর্সেনাল। লেভারকুসেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে
উঠতে পারলে তারা পাবে স্পোর্টিং লিসবন বা বোডো/গ্লিমটকে।
শেষ ষোলোর দুটি রাউন্ড
যথাক্রমে ১০-১১ মার্চ এবং ১৭-১৮ মার্চ, কোয়ার্টার ফাইনাল ৭-৮ এপ্রিল ও ১৪-১৫ এপ্রিল,
সেমিফাইনাল ২৮-২৯ এপ্রিল ও ৫-৬ মে এবং ফাইনাল ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত
হবে।