প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৪ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৫ পিএম
সাবেক ফুটবলার আমিনুল হক ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ায় তাকে অভিনন্দন জানান সোনালী অতীত ক্লাবের সাবেক সভাপতি আব্দুল গাফফার, পাশে সাবেক ফুটবলার আশরাফ্উদ্দিন চুন্নু (ডানে)
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ফুটবলার আব্দুল গাফফার। একইসঙ্গে সাবেক ফুটবলারদের কল্যাণে গড়ে ওঠা ‘সোনালী অতীত ক্লাব’কে একটি স্বনির্ভর ও টেকসই প্রতিষ্ঠানে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।
এক বিবৃতিতে আব্দুল গাফফার বলেন, দেশের
ক্রীড়াঙ্গনের নেতৃত্বে একজন সাবেক ফুটবলারকে ক্রীড়ামন্ত্রী হিসেবে পাওয়া নিঃসন্দেহে
গর্বের বিষয়। তবে ক্রীড়াঙ্গনের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হলে ক্রীড়া প্রশাসনকে রাজনৈতিক
আধিপত্য থেকে মুক্ত রাখা জরুরি। ব্যক্তিগতভাবে রাজনীতিতে যুক্ত হওয়া স্বাভাবিক হলেও
রাষ্ট্রীয় ক্রীড়া সংস্থায় রাজনৈতিক হস্তক্ষেপ ক্রীড়ার অগ্রগতিকে বাধাগ্রস্ত করে বলেও
মন্তব্য করেন তিনি, ‘বিগত কয়েক বছরে রাজনীতির নেতিবাচক প্রভাব দেশের ক্রীড়াঙ্গনে স্পষ্টভাবে
পরিলক্ষিত হয়েছে, যা কাঙ্ক্ষিত উন্নয়নকে ব্যাহত করেছে।’ খেলাধুলার উন্নয়নে জাতীয় ক্রীড়া
পরিষদে স্পোর্টিং ডিরেক্টর পদ পুন:প্রতিষ্ঠা করে সেখানে অভিজ্ঞ ক্রীড়াবিদকে নিয়োগের
পরামর্শ দেন তিনি।
প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ
এরশাদ, কর্নেল ওবায়দুল্লাহ, কামাল, প্রয়াত নুরুল হোসেনের উদ্যোগে আশির দশকে প্রতিষ্ঠিত
‘সোনালী অতীত ক্লাব’ মূলত সাবেক ফুটবলারদের একটি মিলনকেন্দ্র ও সহমর্মিতার প্ল্যাটফর্ম
হিসেবে গড়ে ওঠে। মতিঝিলে অবস্থিত এই ক্লাবটির সঙ্গে দেশের বহু বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বের
সম্পৃক্ততা রয়েছে। তবে বিভিন্ন সময়ে ক্যাসিনো কাণ্ড এবং রাজনৈতিক পটপরিবর্তনের কারণে
ক্লাবটি নানা জটিলতায় পড়ে। এখন জায়গাটির রেজিস্ট্রেশন এবং সেখানে একটি স্থায়ী অবকাঠামো
গড়ে তোলার বিষয়টি সবচেয়ে জরুরি হয়ে উঠেছে বলে মনে করেন ক্লাবটির সাবেক সভাপতি আব্দুল
গাফফার। ক্লাবের উন্নয়নে দ্রুত কয়েকটি পদক্ষেপ নিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি আহ্বান
জানান তিনি। এগুলো হলো : সমাজকল্যাণ অধিদপ্তর থেকে ক্লাবের রেজিস্ট্রেশন প্রক্রিয়া
দ্রুত সম্পন্ন করা, মতিঝিলে ক্লাবের ১০ কাঠা জমির জন্য ৯৯ বছরের লিজ বা স্থায়ী বরাদ্দ
নিশ্চিত করা, একজন ডেভেলপার নিয়োগ দিয়ে আধুনিক জিমনেশিয়াম এবং খেলার সুবিধা সম্বলিত
বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করা।
এই প্রকল্প বাস্তবায়িত হলে ক্লাবটি নিজস্ব আয়ের মাধ্যমে সাবেক খেলোয়াড়দের চিকিৎসা ব্যয় ও আর্থিক সহায়তা দিতে পারবে। তখন খেলোয়াড়দের আর সরকার বা অন্য কারও কাছে সাহায্যের জন্য হাত পাততে হবে না। সাবেক ও বর্তমান খেলোয়াড়দের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে নেটওয়ার্কিং সুবিধা।
আরকে/প্রবা