প্রবা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২২ ১৪:১৭ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২ ১৪:৩১ পিএম
সানরাইজার্সের ওপেনারের সমস্যা মেটাতে পারেন মায়াঙ্ক আগরওয়াল।
ইন্ডিয়ান ক্রিকেট লিগের (আইপিএল) মিনি নিলাম থেকে সবচেয়ে বেশি সংখ্যক ১৩ ক্রিকেটারকে দলে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। এর মাধ্যমে তারা ২৫ জনের স্কোয়াড পূর্ণ করে। স্বাভাবিকভাবেই তাদের হাতে ব্যাটসম্যান, বোলার ও অলরাউন্ডারদের বেশ কিছু বিকল্প রয়েছে।
সবার আগে হায়দ্রাবাদ একজন অধিনায়কের খোঁজে ছিল। নিলাম থেকে মায়াঙ্ক আগরওয়ালকে দলে নিয়ে সানরাইজার্স ইঙ্গিত দিয়েছে, তার হাতেই উঠতে পারে নেতৃত্বের ব্যাটন। নাহলে ভুবনেশ্বর কুমার ছাড়া ক্রিকেটারদের মধ্যে ক্যাপ্টেন হওয়ার দাবিদার তেমন কেউ নেই।
সানরাইজার্সের ওপেনারের সমস্যা মেটাতে পারেন মায়াঙ্ক আগরওয়াল। অভিষেক শর্মার সঙ্গে নিশ্চিতভাবেই ইনিংসের গোড়াপত্তন করতে দেখা যাবে মায়াঙ্ককে। টপ-মিডল অর্ডারে একাধিক বিদেশি ব্যাটসম্যানের বিকল্প রয়েছে হায়দ্রাবাদের হাতে। হ্যারি ব্রুককে মোটা অঙ্কে দলে নিয়েছে সানরাইজার্স।
সুতরাং চূড়ান্ত ব্যর্থ না হলে তাকে শুরুর দিকে বেশ কিছু ম্যাচে খেলাবে তারা। গ্লেন ফিলিপস ও এডেন মার্করাম ছাড়াও হায়দ্রাবাদের হাতে এনরিখ ক্লাসেনের বিকল্প রয়েছে। ক্লাসেন উইকেটকিপারের দায়িত্বও পালন করবেন।
সানরাইজার্সের প্রধান কমতি ছিল একজন বিশেজ্ঞ স্পিনারের। আদিল রশিদকে দলে নিয়ে সেই সমস্যা মেটানোর চেষ্টা করেছে তারা। হায়দ্রাবাদের ভারতীয় পেসারদের দিয়ে অনায়াসে কাজ চালিয়ে দেবে। কেননা তাদের হাতে রয়েছে ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, টি নটরাজনের মতো বোলার।
ভারতীয় অলরাউন্ডার হিসেবে সানরাইজার্সের হাতে রয়েছেন অব্দুল সামাদ, ওয়াশিংটন সুন্দররা। যদিও আদিল রশিদকে দলে নেওয়ার পরে প্রথম একাদশে দুজন স্পিনার অলরাউন্ডারের প্রয়োজন নাও অনুভব করতে পারে সানরাইজার্স।
নিলাম থেকে কাদের দলে নিল হায়দ্রাবাদ : হ্যারি ব্রুক, মায়াঙ্ক আগরওয়াল, এনরিখ ক্লাসেন, বিব্রান্ত শর্মা, আদিল রশিদ, মায়াঙ্ক ডাগর, আকিল হোসেন, মায়াঙ্ক মার্কান্ডে, উপেন্দ্র যাদব, সনবীর সিং, আনমোলপ্রীত সিং, সামর্থ ব্যাস ও নিতীশ রেড্ডি