নারী এশিয়া কাপ রাইজিং স্টারস
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৩ পিএম
নারী এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে বাংলাদেশ নারী ‘এ’ দলকে ৪৬ রানে হারিয়েছে ভারত নারী ‘এ’ দল। ছবি: ফেসবুক থেকে
এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে ভারতবধ হলো না। উল্টো বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত নারী দল। বাংলাদেশের নারীদের সন্তুষ্ট থাকতে হচ্ছে ৪৬ রানে হেরে রানার্সআপ হয়ে।
থাইল্যান্ডের ব্যাংককে এ নিয়ে টানা দ্বিতীয়বার এই আসরে চ্যাম্পিয়ন হলো ভারত ‘এ’ দল। এর আগে ২০২৩ সালে হংকংয়ে প্রথম টুর্নামেন্টে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা।
রবিবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রাধা যাদব। দুই ওপেনার নন্দিনী কাশ্যপ ও দীনেশ বৃন্দা দিচ্ছিলেন ভালো শুরুর ইঙ্গিত। তবে দলীয় ৩০ রানে উদ্বোধনী জুটি ভাঙতেই খেই হারায় ভারত। ফাতেমা জাহানের শিকার হয়ে দীনেশ বিদায় নেওয়ার ঠিক এক ওভার পর দলীয় ৩৩ রানে রানআউট হন নন্দিনী। ঠিক তারপরের বলে ফারজানা ইয়াসমিনের শিকারে পরিণত হন মিন্নু মানি, যিনি গোল্ডেন ডাকের শিকার হন। ৩৩ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত। পঞ্চম উইকেটে ৬৯ রানের জুটি গড়েন তেজাল হাসাবনিস ও অধিনায়ক রাধা। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৩৪ রান। বাংলাদেশের ফাহিমা খাতুন একাই পান চার উইকেট।
জবাবে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ২ ওভার দেখেশুনে পার করলেও তৃতীয় ওভারের শুরুতেই ওপেনার ইশমা তানজিমকে হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর শারমিন সুলতানা ও শামিমা সুলতানা হাল ধরার চেষ্টা করেন। তবে শামিমা ১৫ বলে ২০ রান করে বিদায় নিলে আবারও বাংলাদেশ খেই হারিয়ে ফেলে। ৩০ বলে ১৮ রান করেন শারমিন। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ৮৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশে। ভারতের প্রেমা রাওয়াত তিনটি এবং সোনিয়া মেনধিয়া ও তানুজা কানওয়ার দুটি করে উইকেট পান।
সংক্ষিপ্ত স্কোর
ভারত নারী ‘এ’ দল : ২০ ওভারে ১৩৪/৭
বাংলাদেশ ‘এ’ দল : ১৯.১ ওভারে ৮৮/১০
ভারত : ৪৬ রানে জয়ী