প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০০ পিএম
উজবেকিস্তানের মিডফিল্ডার মুজাফফর মুজাফফরভ টানা সাড়ে চার বছর ধরে খেলছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। ১৪ বছর পর মোহামেডানকে ফেডারেশন কাপের ও প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাদা-কালো সমর্থকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
দলের গুরুত্বপূর্ণ এই ফুটবলার চলমান
লিগের অষ্টম রাউন্ড খেলে দেশে গিয়েছিলেন বাবার অসুস্থতার কথা বলে। তবে উজবেকিস্তান
গিয়ে তিনি আর ফিরবেন না বলে নিজের ফেসবুকে এক পোস্ট দিলে বিপাকে পড়েছিলেন মোহামেডান
কর্মকর্তারা। তবে শেষ পর্যন্ত মুজাফফরভ আবার ফিরে এসেছেন সাদা-কালো শিবিরে। ক্লাবে
যোগ দিয়ে অনুশীলনও শুরু করেছেন এই কুশলী মিডফিল্ডার।
নিজ দেশের ক্লাব ডায়নামো সামারকান্দ
থেকে ২০২২ সালে বাংলাদেশ ফুটবল লিগের ক্লাব মোহামেডানে যোগ দিয়েছিলেন মুজাফফরভ। সাদাকালো
জার্সিতে ৫৩ টি ম্যাচ খেলে ১১ গোল করেছেন মুজাফফরভ। বেতনাদি নিয়ে ক্লাবের সাথে টানাপড়েন
চলছিল দলের পরীক্ষিত এই ফুটবলারের। তবে তিনি দেশে গিয়েছিলেন পারিবারিক কারণ দেখিয়ে।
তবে বেতন বকেয়া পড়ায় একটা অভিমান ছিল মুজাফফরভের। সেই অভিমান ভেঙ্গে তিনি ফিরলেন বাংলাদেশ
ফুটবল লিগে এবং পুরোনো ক্লাব মোহামেডানেই। লিগের বাকি অংশের আগে তার ফিরে আসা মোহামেডানের
জন্য বড় স্বস্তি। জানা গেছে বকেয়া টাকা নিয়ে দুই পক্ষ সমাধানে পৌঁছেছে।
মধ্যবর্তী দলবদলের কারণে ৬১ দিনের বিরতির পর ৬ মার্চ আবার শুরু হবে বাংলাদেশ ফুটবল লিগ। ওই দিন চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৭ মার্চ কুমিল্লায় ফর্টিস এফসির বিপক্ষে মাঠে নামবে মোহামেডান।
আরকে/প্রবা