প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৯ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪১ পিএম
লেস্টার
সিটির হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছেন হামজা চৌধুরী। বর্তমানে বিশ্রামে রয়েছেন তিনি। এই
চোটের কারণেই মার্চে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে তার অংশগ্রহণ নিয়ে তৈরি
হয়েছে শঙ্কা। তবে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে নিয়মিত যোগাযোগে ইতিবাচক বার্তাই
দিয়েছেন হামজা-সময়মতো ফিট হয়ে ওঠার ব্যাপারে তিনি আশাবাদী।
এদিকে
দেশের ফুটবল অঙ্গনে চলছে বিরতি। বাংলাদেশ ফুটবল লিগ কবে মাঠে ফিরবে, তা এখনও নিশ্চিত
নয়। তবুও সম্ভাব্য সূচির আশায় ক্লাবগুলো অনুশীলন শুরু করে দিয়েছে। ব্রাদার্স ইউনিয়নের
হয়ে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন জামালও। দীর্ঘ বিরতিতে কিছুটা অস্বস্তি তার কণ্ঠে, ‘ছুটি
ভালো, কিন্তু বেশি ছুটি থাকলে ভালো লাগে না, টু বি অনেস্ট।’
মার্চের
এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার আগে ভিয়েতনামের বিপক্ষে
প্রীতি ম্যাচকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবেই দেখছেন বাংলাদেশ অধিনায়ক। তার মতে,
ভিয়েতনাম সিঙ্গাপুরের চেয়ে শক্তিশালী প্রতিপক্ষ হওয়ায় এই ম্যাচ দলকে বেশি প্রস্তুত
করবে। পরিকল্পনা হিসেবে তিনি জানিয়েছেন, শুরুতে দুই-তিন দিন দেশে অনুশীলন করে পরে ভিয়েতনাম
কিংবা থাইল্যান্ডে ক্যাম্প করা যেতে পারে-যা দলের জন্য কার্যকর বিকল্প হতে পারে।
হামজার
চোট নিয়ে শঙ্কা থাকলেও জামালের ভাষ্য পরিষ্কার, ‘হামজা আমাকে বলছে, সে সুস্থ হয়ে যাবে।
ফিট হয়ে যাবে ওই সময়।’ এই আশ্বাসই আপাতত স্বস্তি দিচ্ছে দলকে।
মঙ্গলবার
দীর্ঘ ছুটি শেষে ঢাকায় ফিরেছেন জাতীয় দলের হেড কোচ জাভিয়ের ক্যাবরেরা। কোচের সঙ্গে
সামনের পরিকল্পনা নিয়ে বৈঠকে বসতে আগ্রহী জামাল। ফোনে প্রাথমিক কথা হয়েছে বলেও জানিয়েছেন
তিনি, ‘ওনার সাথে একটা মিটিং আছে সামনে। দেখি কী হয়, বাট ভালো হয়েছে উনি আসছেন।’
এদিকে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ায় সন্তুষ্ট জামাল। যদিও নতুন দায়িত্বে তাকে সব খেলাধুলা নিয়েই ব্যস্ত থাকতে হবে, তবু সাবেক ফুটবলার হিসেবে ফুটবলে বাড়তি মনোযোগের প্রত্যাশা করেছেন তিনি। জামালের বিশ্বাস, এতে দেশের ফুটবলই উপকৃত হবে।
আরকে/প্রবা