প্রবা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২২ ১১:২২ এএম
আপডেট : ১৬ আগস্ট ২০২২ ১৩:৫৭ পিএম
এআইএফএফ ( ছবি : সংগৃহীত)
ভারতকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফুটবল সংক্রান্ত কার্যক্রমে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) নিষিদ্ধ করা হয়।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৬ আগস্ট) আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানায় বিশ্ব সংস্থাটি।
ফিফার বিবৃতিতে জানানো হয়, ‘ব্যুরো অব ফিফা কাউন্সিল সর্বসম্মতভাবে এআইএফএফকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ এই সংস্থায় তৃতীয় পক্ষের অনুচিত প্রভাবের ফলে ফিফা সনদের পরিষ্কার লঙ্ঘন হয়েছে।’
ফিফার এই বিধিনিষেধের কারণে আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপও আপাতত স্থগিত করা হয়েছে। শিগগিরই এই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে সংস্থাটি।
এ সংকটের সমাধানের বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘এআইএফএফের দৈনন্দিন কার্যক্রমের পূর্ণ নিয়ন্ত্রণ সংস্থাটির প্রশাসনের নিয়ন্ত্রণে আনতে প্রশাসনিক কমিটি গঠন করতে হবে। এআইএফএফের বর্তমান নির্বাহী কমিটির সব ক্ষমতা সেই প্রশাসনিক কমিটিকে দিতে হবে।’
মূলত এআইএফএফে অনিয়মের অভিযোগ তুলে দিল্লি ফুটবল ক্লাবের শীর্ষ কর্তা গত ১২ মে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে এ সংকট শুরু হয়। তিনি অভিযোগ জানান, বেআইনিভাবে এক দশকের বেশি সময় ভারতীয় ওই সংস্থার শীর্ষ পদ দখল করে বসে রয়েছেন প্রফুল প্যাটেল।
এ সংক্রান্ত অভিযোগের শুনানিতে দেশটির শীর্ষ আদালত রায় দেন, নির্বাচন করে নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত ফেডারেশনের সব দায়িত্ব এবং কর্মকাণ্ড পরিচালিত হবে তিন সদস্যের সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির মাধ্যমে।
এরপর ভারতের ফুটবলের পরিস্থিতি খতিয়ে দেখতে আসে ফিফা এবং এএফসির প্রতিনিধি দল। ওই সফরে এসে তারা ফেডারেশনের দায়িত্বে থাকা সিওএ কর্তাদের সঙ্গে আলোচনা করেন।
সে সময়ে ফিফা জানায়, এআইএফএফের নতুন সংবিধান চূড়ান্ত করতে হবে ৩১ জুলাইয়ের মধ্যে। নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে। নির্বাচনে যারা জিতবেন, সেই কমিটিকে ২০ সেপ্টেম্বরের মধ্যে কাজ শুরু করতে হবে।
পরে আরও ১৫ দিন অতিরিক্ত সময় দিলেও কাজ হয়নি। এমন প্রেক্ষাপটে ফিফা বিধিনিষেধ জারি করে।
/প্রবা/এইচকে/এসআর