প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৮ পিএম
বৃষ্টিতে ভেস্তে গেছে জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচ। ছবি: ইএসপিএন ক্রিকইনফো
শ্রীলঙ্কার ক্যান্ডিতে গ্রুপ ‘বি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। টানা বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। আর তাতেই বিশ্বকাপের গ্রুপ পর্বে স্পষ্ট হয়ে গেছে সমীকরণ।
ম্যাচ পরিত্যাক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল। আর তাতেই সুপার এইটে নিজেদের জায়গা নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। একই সঙ্গে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া। টুর্নামেন্ট শুরুর আগে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত অস্ট্রেলিয়ার বিদায়কে বড় চমক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
গ্রুপ ‘বি’ থেকে শীর্ষ দুই দল হিসেবে সুপার এইটে খেলবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে।
কীভাবে বদলে গেল হিসাব?
নির্ধারিত সময়ের মধ্যে ম্যাচটি মাঠে গড়ালে জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারাতে হতো আয়ারল্যান্ডকে, যাতে নেট রানরেটের সমীকরণে পরিবর্তন আসে। কিন্তু বৃষ্টির কারণে ফল না হওয়ায় দুই দলই সমান পয়েন্ট পায়। ফলে পয়েন্ট টেবিলে অস্ট্রেলিয়ার নাগালের বাইরে চলে যায় জিম্বাবুয়ে।
এর আগে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের কাছে টানা দুই হারে খাদের কিনারায় ছিল অস্ট্রেলিয়া। শেষ ভরসা ছিলো আইরিশদের জয়। তবে সেই আশায় জল ঢাললো বৃষ্টি। আর তাতেই বিশ্বকাপ সফর শেষ হলো ২০২১ সালের চ্যাম্পিয়নদের।