নারী এশিয়া কাপ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৩ পিএম
রোমাঞ্চ জমিয়ে নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের গ্রুপ পর্বের ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে হারতেই বসেছিল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। কিন্তু শেষ ওভারে ফারজানা ইয়াসমিন চার-ছক্কা হাঁকিয়ে লাল-সবুজ বাহিনীকে অবিশ্বাস্য জয় এনে দেন। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) ব্যাংককের তের্দথাই ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ১০৩ রান করে থাইল্যান্ড। জবাবে ১ বল ও ৩ উইকেট হাতে রেখেই জয় পেয়ে যায় বাংলাদেশ দল।
এই জয়ের মাধ্যমে গ্রুপ ‘বি’থেকে সবার আগে সেমিফাইনালের
টিকিট নিশ্চিত করল বাংলাদেশ। ২ ম্যাচে বাংলাদেশের সংগ্রহ সর্বোচ্চ ৪ পয়েন্ট। অন্যদিকে
সমান ২ করে পয়েন্ট সংগ্রহ করেছে শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। তাদের মধ্যকার ম্যাচে যে জিতবে,
তারাই দ্বিতীয় দল হিসেবে সেরা চারের টিকিট পাবে।
লো-স্কোরিং ম্যাচে রান তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং
বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলের চাপ সামলে উঠতে না উঠতে হারাতে থাকে একের পর এক উইকেট।
ইনিংসের মাঝপথে দলকে গুরুত্বপূর্ণ জুটি উপহার দেন দলনেতা ফাহিমা ও লতা মণ্ডল। শেষদিকে
ফারজানা ইয়াসমিনের সাহসী ব্যাটিংয়ে জয় পেয়ে যায় বাংলাদেশ। শেষ ৬ ওভারে ৩২ রান দরকার
ছিল বাংলাদেশের। হাতে উইকেট ছিল ৫টি। শেষ ওভারে দরকার পড়ে ১২ রানের। মন্থরগতির উইকেটে
যা ছিল প্রায় অসম্ভব। কিন্তু শেষ ওভারের দ্বিতীয় বলে চার ও তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে
নিজের সামর্থ্যের প্রমাণ দেন ফারজানা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন লতা মণ্ডল।
২৬ রান আসে শারমিন সুলতানার ব্যাট থেকে। আর ২৩ রান করে অপরাজিত থাকেন ফারজানা। ১২ রান
করেন ফাহিমা খাতুন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরের রান করতে পারেননি। 
এর আগে ম্যাচের শুরুতে ব্যাটিংয়ে নামে থাইল্যান্ড।
বাংলাদেশের বোলারদের সামনে সুবিধা করতে পারেননি থাই ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ৩৪
রান করেন নান্নাপাত কোনছারেনকাই। নাটথাকান ছানথামের ব্যাট থেকে আসে ২৪ রান। এছাড়া কেউই
বিশের ঘর স্পর্শ করতে পারেননি। বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন
ফাহিমা খাতুন ও শরীফা খাতুন। এছাড়া বল হাতে একটি করে উইকেট নেন তিন বোলার।
সংক্ষিপ্ত স্কোর
থাইল্যান্ড : ২০ ওভারে ১০৯/১০
বাংলাদেশ : ১৯.৫ ওভারে ১০৪/৭
বাংলাদেশ : ৩ উইকেটে জয়ী
ম্যাচসেরা : ফারজানা ইয়াসমিন
আরকে/প্রবা