প্রবা স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৮ পিএম
২২ গজের উইকেটে পাকিস্তানকে গুঁড়িয়ে দেবে ভারতÑ এটা যেন নিয়মিত দৃশ্যে পরিণত হয়েছে। দুই দলের ম্যাচ নিয়ে এখন আর এত রোমাঞ্চ-উত্তেজনার কিছু দেখেন না কৃষ্ণামাচারি শ্রীকান্ত। সবশেষ ম্যাচেই ভারতের বিপক্ষে হেরেছে পাকিস্তান। ভারতের বিপক্ষে পাকিস্তানের ধারাবাহিক ব্যর্থতা নিয়ে সাবেক বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারের মতে, ভারতের চতুর্থ সারির দলের বিপক্ষেও জিততে পারবে না পাকিস্তান!
অনেক বছর ধরেই পাকিস্তানের বিপক্ষে
আধিপত্য চলছে ভারতের। সবশেষ ম্যাচে তো দুই দলের পার্থক্য আরও প্রকটভাবে ফুটে উঠেছে।
এবার চিরপ্রতিদ্বন্দ্বীদের কোনোরকম পাত্তা না দিয়ে জয় তুলে নেয় সূর্যকুমার যাদবের দল।
গত রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটিতে পাকিস্তানকে ৬১ রানে হারায় ভারত। কলম্বোর
মন্থর ও স্পিন সহায়ক উইকেটে ইশান কিষানের ঝড়ো ইনিংসে ১৭৫ রান তোলে তারা। যে মাঠে বিশ্বকাপের
শুরু থেকে খেলছে পাকিস্তান, সেখানে ১১৪ রানে গুটিয়ে যায় সালমান আলি আগার দল। ম্যাচে
পাকিস্তানের বোলার যেমন ছিলেন নিষ্প্রভ, তেমনি ব্যাটসম্যানরাও ছিলেন ব্যর্থ। প্রতিবেশীদের
ক্রিকেট দিনকে দিন তলানির দিকে যাচ্ছে বলেই মনে হচ্ছে ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য
শ্রীকান্তের, ‘শাহিন আফ্রিদিকে নিয়ে যে ভীতিকর হাইপ ছিল, সেটা শেষ হয়ে গেছে। এমন পাকিস্তানকে
আগে কখনও দেখেছেন? ওয়াকার ইউনিস, ইমরান খান, ওয়াসিম আকরাম, এরপর আরও কতজনÑ আকিব জাভেদসহ
কত বোলার ছিল? আর এখন একজন পেসার খুঁজে পেতে তারা হিমশিম খাচ্ছে। তাদের দেশে ক্রিকেটের
কি এতটাই অধঃপতন হয়েছে?’
এ ছাড়া শ্রীকান্ত আরও বলেন, ‘আর
ব্যাটিং বিভাগে এখন প্রপার ব্যাটারও নেই। বাবর আজম যদি আপনার মূল ব্যাটসম্যান হয়, তাহলে
ছেড়ে দিন, টি-টোয়েন্টি খেলার দরকার নেই আপনাদের। এটা আমার দেখা পাকিস্তানের সবচেয়ে
বাজে ব্যাটিং লাইনআপের একটি। আমি সাঈদ আনোয়ার, ইনজামাম-উল-হক, তারও আগে রমিজ রাজাদের
দেখেছি-কি দুর্দান্ত ব্যাটিং দলই না ছিল সেটি।’ এখনকার পাকিস্তান
দলকে তো কোনো প্রতিপক্ষই মনে করেন না শ্রীকান্ত। ভারতের তৃতীয়-চতুর্থ দলও পাকিস্তানকে
হারিয়ে দেবে বলে মনে করছেন তিনি, ‘সত্যি কথাটা বলব? ভারতের চতুর্থ একাদশও তাদেরকে গুঁড়িয়ে
দেবে। ভারতের বলা উচিত, “আমাদের মূল দলের দরকার নেই, ‘সি’দল তোমাদের বিপক্ষে খেলবে। তোমরা আমাদের ডাকো, আমরা তোমাদের হারিয়ে দিয়ে যাব।
ভারতের ‘সি’দল তাদের হারিয়ে দেবে।”
আরকে/প্রবা