প্রবা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২২ ১৭:১২ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২ ১৭:১৬ পিএম
শাহিদ আফ্রিদি।
পাকিস্তান ক্রিকেটের নতুন প্রধান নির্বাচক হলেন শাহিদ আফ্রিদি। শনিবার (২৪ ডিসেম্বর) তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তার সঙ্গে আব্দুর রজ্জার এবং রাও ইফতিকার অঞ্জুম মিলিয়ে তিন সদস্যের নির্বাচক কমিটি গড়া হয়েছে। আফ্রিদি সেই কমিটির প্রধান।
ডন জানিয়েছে, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ় খেলবে পাকিস্তান। সেই সিরিজ়ের দল পর্যালোচনা করে দেখাই আপাতত প্রধান কাজ হতে চলেছে আফ্রিদির। এই সিরিজ়ের দল ঘোষণা করেছিল মোহম্মদ ওয়াসিমের নেতৃত্বাধীন কমিটি। তারপরেই তাদের সরিয়ে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের ভরাডুবির পরেই পাকিস্তান ক্রিকেটে রদবদলের চিন্তা শুরু হয়। বোর্ড প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রামিজ রাজাকে। একই প্রক্রিয়ার অংশ হিসাবে ওয়াসিমকে সরিয়ে আফ্রিদিকে আনা হল। নাজম শেঠির নেতৃত্বাধীন পাক বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, নতুন কমিটির থেকে সাহসী এবং বড় কোনও সিদ্ধান্ত দেখতে চাইছে তারা।
শেঠি বলেছেন, ‘শাহিদ আফ্রিদি আক্রমণাত্মক ক্রিকেটার ছিল। কোনও ভয় ছাড়াই আজীবন ক্রিকেট খেলেছেন। ২০ বছরের অভিজ্ঞতা রয়েছে। সব ধরনের ফরম্যাটে সাফল্য রয়েছে। তার থেকেও বড় কথা, বরাবর তরুণ প্রতিভাকে উৎসাহ দিয়ে এসেছে। আধুনিক ক্রিকেটের যে চ্যালেঞ্জ, সেটা সামলানোর জন্য আফ্রিদির থেকে ভাল কেউ এই মুহূর্তে নেই। আমি আত্মবিশ্বাসী যে নিজের ভাবনা এবং জ্ঞানের সাহায্যে পাকিস্তানের সেরা এবং যোগ্যতম ক্রিকেটারদের দলে বেছে নেবে আফ্রিদি। পরের সিরিজ়ে যাতে সাফল্য পাওয়া যায়, সে ব্যাপারেও অবদান রাখবে।’
আফ্রিদি বলেছেন, ‘পাকিস্তান বোর্ড এই দায়িত্ব দেওয়ায় আমি আপ্লুত। দায়িত্ব পালনের ব্যাপারে কোনও কমতি রাখব না। জয়ের রাস্তায় ফেরার ব্যাপারে কোনও সন্দেহ নেই। আশা করি জাতীয় দল আগামী দিনে সাফল্য পাবে।’