আর্মির সুলতানার একারই ট্রিপল হ্যাটট্রিক
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১৫ এএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১৯ এএম
সাফ অনূর্ধ-নারী
১৯ চ্যাম্পিয়নশিপের কারণে ১৩ দিন বিরতির পর মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে নারী ফুটবল লিগ আবারও
মাঠে গড়িয়েছে। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে এদিন মোট ৫টি ম্যাচ অনুষ্ঠিত
হয়। যথারীতি ম্যাচগুলোতে বয়ে গেছে গোলবন্যা, আর হয়েছে হ্যাটট্রিকের ছড়াছড়ি। ৫ ম্যাচে
গোল হয়েছে ৪৭টি। আর হ্যাটট্রিক হয়েছে ৬টি। বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাব ১৮-০ গোলে গতবারের চ্যাম্পিয়ন নাসরিন
স্পোর্টস একাডেমিকে, রাজশাহী স্টারস ফুটবল ক্লাব ৮-০ গোলে সদ্যপুস্করিনী যুব স্পোর্টিং
ক্লাবকে, বিকেএসপি ফুটবল ক্লাব ৯-১ গোলে সিরাজ স্মৃতি সংসদকে, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব
৩-২ গোলে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে এবং আনসার ও ভিডিপি ফুটবল ক্লাব ৪-২ গোলে ঢাকা
রেঞ্জার্স ফুটবল ক্লাবকে হারায়। আর্মির মোসাম্মৎ সুলতানা একাই করেন হ্যাটট্রিকসহ ৯
গোল। ম্যাচসেরাও হন তিনি। ২০ গোল করে লিগের টপ গোলস্কোরারের তিনে উঠে এসেছেন তিনি।
সপ্তমবারের মতো
আয়োজিত এই লিগের শেষ পর্যায়ে এসে শিরোপার লড়াই দাঁড়িয়েছে হিসাব-নিকাশের সূক্ষ্ম সমীকরণে।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রাজশাহী স্টারস এফসি এখন শিরোপার সবচেয়ে কাছাকাছি। শেষ
ম্যাচে নুন্যতম ড্র করলেই (আর্মির বিপক্ষে) প্রথমবারের মতো শিরোপার মধুর স্বাদ পাবে
তারা। ১০ ম্যাচে তখন ঋতুপর্ণাদের হবে ২৮ পয়েন্ট, যা অন্য দলের হওয়ার আর সুযোগ থাকবে
না। কিন্তু তবে ফল উল্টে গেলে খুলে যেতে পারে নতুন নাটকীয়তার দরজা।
বড় জয়ে ৯ ম্যাচে
২৪ পয়েন্ট নিয়ে আর্মি উঠে এসেছে দ্বিতীয় স্থানে। শেষ ম্যাচে তারা রাজশাহীকে হারাতে
পারলে দুই দলের পয়েন্ট সমান হয়ে দাঁড়াবে ২৭। সেক্ষেত্রে শিরোপা নির্ধারণে আয়োজন করা
হবে প্লে-অফ। এদিকে ফরাশগঞ্জেরও শিরোপার সুযোগ আছে। তাদের পয়েন্ট ২৪। শেষ রাউন্ডের
ম্যাচ জিতলে তাদেরও পয়েন্ট হবে ২৭। তখন রাজশাহী-আর্মি-ফরাশগঞ্জ তিন দলকেই আবারও শিরোপার
জন্য লড়তে হবে বাইলজ অনুযায়ী। তখন হবে ত্রিমুখী লড়াই।
রাজশাহী-সদ্যপুষ্করণী
ম্যাচের প্রসঙ্গে ফেরা যাক। সাফ অনুর্ধ-১৯ টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের
স্বীকৃতি পাওয়া আলপি আক্তার ক্লাবের রাজশাহীর জার্সিতেও ফর্ম অব্যাহত রেখেছেন। দেশে
ফিরেই তিনি হ্যাটট্রিক করেছেন। আলপি হ্যাটট্রিক করলেও ম্যাচ সেরা হয়েছেন আরেক ‘হ্যাটট্রিক
ওম্যান’ ঋতুপর্ণা চাকমা। সৌরভী আকন্দ প্রীতি ও মুনকি আক্তার ১টি করে গোল করেন। ২৮টি
গোল করে আলপি চলমান লিগে এখনও টপ গোলস্কোরার।
আর্মি-নাসরিন ম্যাচে
সুলতানা একাই করেন ৯ গোল। বৃষ্টি আক্তার হ্যাটট্রিক করেন। উন্নতি খাতুন ও তনিমা বিশ্বাস করেন
জোড়া গোল, ১টি গোল করেন হালিমা আক্তার। নাসরিনের সুরভী রানী ১টি আত্মঘাতী গোল করেন।
বিকেএসপি-সিরাজ
ম্যাচে বিকেএসপির রিয়া ডাবল হ্যাট্রিক করেন। মীরা খাতুন করেন হ্যাটট্রিক। সিরাজের তাসপিয়া
আক্তার তিশা ১টি গোল করেন।
ফরাশগঞ্জ-পুলিশ ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। ফরাশগঞ্জের মারিয়া মান্দা, শামসুন্নাহার জুনিয়র ও শামসুন্নাহার সিনিয়র; পুলিশের আইরিন খাতুন ও মোসাম্মৎ সাগরিকা ১টি করে গোল করেন।
আনসার-রেঞ্জার্স ম্যাচে আনসারের উমেহলা মারমা এবং মামনি চাকমা জোড়া গোল করেন। রেঞ্জার্সের সোনিয়া আক্তার সাথী ও রুমি হাসদা ১টি করে গোল করেন।
আরকে/প্রবা