প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৫৪ এএম
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৃত্তি নিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন শুটার কামরুন নাহার কলি। অথচ শুটিং কর্তা জিএম হায়দার সাজ্জাদের যৌন নিপিড়নের বিরুদ্ধে কথা বলায় তাকে শোকজ ও বহিষ্কার করেছিল শুটিং ফেডারেশন। এবার এক বছরের জন্য নিষিদ্ধ করেছেন কর্তারা। বিষয়টি নিয়ে চরম হতাশায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। এখনো জানে না জাতীয় ক্রীড়া পরিষদ। তবে জানতে পারলে ব্যবস্থা নেবে তারা।
বিশৃংখলার অভিযোগ এনে মাসখানেক আগে কলিকে সাময়িক বহিষ্কার ও কারণ দর্শানোর চিঠি দিয়েছিল ফেডারেশন। কলি নিজের অবস্থান ব্যাখ্যা করলেও ফেডারেশনের কাছে তা গ্রহণযোগ্য হয়নি। উল্টো ফেডারেশন কোড অফ কন্ডাক্ট ভঙ্গের জন্য তাকে এক বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়ে বিজ্ঞপ্তি দিল। বিজ্ঞপ্তিতে ‘কোড অব কন্ডাক্ট’ ভাঙ্গার অভিযোগ আনা হয়। ফেডারেশনের এমন সিদ্ধান্তে হতাশ বিওএ মহাসচিব জোবায়েদুর রহমান রানা বলেন, ‘কলির বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম। ১৭ ফেব্রুয়ারি ফেডারেশনের সঙ্গে সভা হওয়ার দিনক্ষণ নির্ধারিত ছিল। এর মধ্যে এমন সিদ্ধান্ত অনভিপ্রেত। যেহেতু সে আইওসি স্কলারশিপ হোল্ডার, তার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে ফেডারেশনের উচিত ছিল বিওএর সঙ্গে আলোচনা করা। তবে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে যৌক্তিক অবস্থানে পৌঁছানোর চেষ্টা করা হবে।’ তিনি যোগ করেন, ‘সামনেই কমনওয়েলথ ও এশিয়ান গেমস। তার আগে এমন ঘটনা খুবই দু:খজনক।’
আরকে/প্রবা