× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিরোপা রক্ষার লড়াইয়ে কাল মুখোমুখি বাংলাদেশ-ভারত

রুমেল খান

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫১ পিএম

করমর্দনের মুহূর্তে দুজনের মুখেই মৃদু হাসি, কিন্তু দুজনের অন্তরেই রয়েছে শিরোপা জয়ের ইস্পাতসম দৃঢ় সংকল্প। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পোখারার রঙ্গশালায় চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ফটোসেশনে বাংলাদেশ অধিনায়ক অর্পিতা বিশ্বাস (ডানে) ও ভারত অধিনায়ক জুলান নংমাইথেম। ছবি : সাফ

করমর্দনের মুহূর্তে দুজনের মুখেই মৃদু হাসি, কিন্তু দুজনের অন্তরেই রয়েছে শিরোপা জয়ের ইস্পাতসম দৃঢ় সংকল্প। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পোখারার রঙ্গশালায় চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ফটোসেশনে বাংলাদেশ অধিনায়ক অর্পিতা বিশ্বাস (ডানে) ও ভারত অধিনায়ক জুলান নংমাইথেম। ছবি : সাফ

কাল শনিবার (৭ ফেব্রুয়ারি) কোন্ দলের ভাগ্য শনির দশায় ঘুরপাক খাবে? কাকতালীয়ভাবে দুই দলেরই সামনে শিরোপা অক্ষুণ্ন রাখার চ্যালেঞ্জ। একদিকে বাংলাদেশ, অন্যদিকে ভারত। কাল দুপুর সোয়া ২টায় নেপালের পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে সাফ অনূর্ধ-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে সাফ অঞ্চলের এই সেরা দুই দেশ।

বয়সভিত্তিক এই প্রতিযোগিতা এ পর্যন্ত অনূর্ধ-১৮, ১৯ ও ২০ ক্যাটাগরি মিলিয়ে ছয়বার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ চারবার এবং ভারত একবার এককভাবে হয়েছে চ্যাম্পিয়ন। ২০২৪ সালের আসরে যৌথভাবেও সেরা হয়েছিল দুই দল। অনূর্ধ-১৯ ক্যাটাগরিতে এর আগের দুই আসরে দু’বারই ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। ২০২১ আসরে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ২০২৪ সালে ম্যাচ কমিশনারের সেই আলোচিত ‘টস কাণ্ডের’ পর দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।


শিরোপা জেতার চেয়ে তা ধরে রাখা কঠিন। আর সেই কঠিন কাজ করার মিশন নিয়েই এবার হিমালয়ের দেশ নেপালে উড়াল দিয়েছিল বাংলাদেশ দল। এই টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে যুব পর্যায়ে নারী ফুটবলে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখার লক্ষ্য তাদের। পাশাপাশি, তরুণ প্রতিভা বিকাশ ও আঞ্চলিক প্রতিযোগিতার অভিজ্ঞতা অর্জনের জন্য সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে।

এবারের আসরে বাংলাদেশ একমাত্র দল যারা এখনও অপরাজিত আছে এবং কোনো গোলও হজম করেনি। গ্রুপ পর্বে তারা হারায় ভুটানকে ১২-০ গোলে, ভারতকে ২-০ গোলে এবং স্বাগতিক নেপালকে ৪-০ গোলে। তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ফাইনালে ওঠে লাল-সবুজ বাহিনী। তিন ম্যাচে তাদের গোল ১৮টি। বাংলাদেশের আলপি আক্তার দুটি হ্যাটট্রিকসহ মোট ৭টি গোল করে এখনও টুর্নামেন্টের টপ গোলস্কোরার।


পক্ষান্তরে ভারত ১-০ গোলে নেপালকে ও ৮-০ গোলে ভুটানকে হারায়। আর হেরে যায় বাংলাদেশের কাছে। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে নাম লেখায় ফাইনালে। ভারতের পার্ল ফার্নান্দেজ করেছেন ৪টি গোল, যা দ্বিতীয় সর্বাধিক।


কাল ভারত স্বভাবতই চাইবে বাংলাদেশেকে হারিয়ে প্রতিশোধ নিতে ও শিরোপা জিততে। খেলার ফল যদি ৯০ মিনিটের মধ্যে নিষ্পত্তি না হয়, তাহলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। সেখানেও জয়-পরাজয়ের ফয়সালা না হলে টাইব্রেকারে গড়াবে খেলা। তার কথা মাথায় রেখেই শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দু’দলই বিশেষ অনুশীলন করেছে।

রাউন্ড রবিন লিগে ভারতের বিপক্ষে জয়টা আর মনে রাখতে চাইছেন না বাংলাদেশ কোচ পিটার বাটলার। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) অনুশীলন শেষে বাটলার গণমাধ্যমকে বলেন, ‘একটা মোটামুটি ধারণা আছে, ভারত কীভাবে খেলবে। তাদের কিছু ভালো খেলোয়াড় আছে। আমাদের সেরা মানে এবং সতেজ থাকতে হবে এবং বাস্তবিক অর্থে খেলার জন্য প্রস্তুত থাকতে হবে। যে ম্যাচ চলে গেছে, তা চলে গেছে। আমাদের এটিকে পেছনে ফেলতে হবে; এগিয়ে যেতে হবে এবং নিশ্চিত করতে হবে যে, আমরা ইতিবাচক মানসিকতার সাথে এগিয়ে যাচ্ছি। আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী নই, আমরা অনেক ভিডিও বিশ্লেষণ করেছি। তিনটি ম্যাচ খেলেছি, চোট পেয়েছি, চোট কাটিয়ে মেয়েরা ফিরে এসেছে। গুরুত্বপূর্ণ হচ্ছে, আবার ভারতের সাথে খেলা, আরও গুরুত্বপূর্ণ হচ্ছে, আবার তাদের হারাতে হবে।’

বয়সভিত্তিক এই আসরটি বাটলারের কাছে অন্য কারণেও গুরুত্বপূর্ণ। আগামী মার্চে নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়া যাবে দল। পোখারার আসরের পারফরম্যান্সের বিবেচনায় উঠতিদের এশিয়ান কাপের দলে রাখার বিষয়টিও ভাবনায় আছে কোচের, ‘নেপালের বিপক্ষে ম্যাচে সাত-আটটি পরিবর্তন করেছিলাম। এরপর মেয়েদের বিশ্রাম দিয়েছি। এটি একটি স্কোয়াড দাঁড় করানোর প্রচেষ্টা। আগামীকাল (শনিবার) এগিয়ে যেতে হবে আমাদের। ফাইনাল ম্যাচটি আমাদের একটি দুর্দান্ত ইঙ্গিত দেবে, আসলে কোন খেলোয়াড়দের পাওয়া যাবে এবং কারা প্রস্তুত এশিয়ান কাপে যাওয়ার জন্য।’


পোখারার রঙ্গশালা স্টেডিয়ামের মাঠের কন্ডিশন নিয়ে ভীষণ ক্ষুব্ধ বাটলার, ‘দুর্ভাগ্যবশত আমরা যতটা সম্ভব অনুশীলন সীমিত রাখার চেষ্টা করেছি মাঠের কন্ডিশনের কারণে। অন্য দেশগুলোও মাঠ নিয়ে উদ্বিগ্ন। আমরা বেশ কিছু চোট পেয়েছি। আমার প্রথম এবং মূল লক্ষ্য হল ফিট খেলোয়াড়দের একটি দলকে মাঠে নামানো।’

বাংলাদেশ দল : ইয়ারজান বেগম, মেঘলা রানী রায়, ইশিতা ত্রিপুরা, জয়নব বিবি রিতা, অর্পিতা বিশ্বাস (অধিনায়ক), সুরভী রানী, ক্রানুচিং মারমা, পূজা দাস, প্রতিমা মুন্দা, সুরভী আক্তার আফরিন, মুনকি আক্তার, শান্তি মার্ডি, বন্যা খাতুন, রূপা আক্তার, মোমিতা খাতুন, থুইনুই মারমা, মীরা খাতুন, তৃষ্ণা রানী, আলপি আক্তার, মামনি চাকমা, পূর্ণিমা মারমা, অয়ন্ত বালা মাহাতো ও সৌরভী আকন্দ প্রীতি।

আরকে/প্রবা 

 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা