প্রবা স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪১ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৪ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ আদৌ মাঠে গড়াবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা দিন দিন ঘনীভূত হচ্ছে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে ম্যাচ বর্জনের ঘোষণা আসায় আপাতত আলোচিত এই লড়াই না হওয়ার সম্ভাবনাই বেশি। তবে সব আলোচনা যে এখানেই শেষ, তা মনে করছেন না অনেকে। তাদের একজন ভারতের সাবেক পেসার ও বিসিসিআইয়ের সাবেক প্রধান নির্বাচক চেতন শর্মা।
চেতন শর্মার বিশ্বাস, পাকিস্তান শেষ
পর্যন্ত বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসবে। তার মতে, পুরো বিষয়টিই রাজনৈতিক বাস্তবতার
সঙ্গে জড়িত এবং বাংলাদেশের নির্বাচন শেষ হলেই পাকিস্তানের অবস্থানে পরিবর্তন আসতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বাংলাদেশের খেলোয়াড়দের দোষ কোথায়?
এখানে কোনো দোষই নেই। পুরো ব্যাপারটাই রাজনৈতিক। বাংলাদেশের নির্বাচন ১২ তারিখে। এরপর
দেখবেন, পাকিস্তান ইউ-টার্ন নেবে।’
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যদিও
আনুষ্ঠানিকভাবে এখনো আইসিসিকে ম্যাচ বর্জনের বিষয়ে লিখিতভাবে কিছু জানায়নি। এই বিষয়টিকেই
গুরুত্ব দিচ্ছেন চেতন শর্মা। সেটাও রসিকতার ছলে ব্যাখ্যা করেন চেতন, ‘তখন হয়তো বলা
হবে জনমত বিবেচনায় নেওয়া হয়েছে, ক্রিকেটের ক্ষতি হওয়া উচিত নয়, তাই ভারত-পাকিস্তান
ম্যাচ হবে। এখন যে অবস্থান, তা শুধু নির্বাচনের কারণে। আমি নিজেও রাজনীতির সঙ্গে যুক্ত
ছিলাম, নির্বাচনে অংশ নিয়েছি। নির্বাচন শেষ হলে হয়তো সেনা প্রধানও বলবেন, খেলাকে রাজনীতির
বাইরে রাখা দরকার।’
আরকে/প্রবা