প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৩ পিএম
বুধবার (৪ ফেব্রুয়ারি) নেপালকে হারিয়ে সাফ অনুর্ধ-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত, যাদেরকে গ্রুপ পর্বে একবার হারিয়েছে লাল-সবুজ বাহিনী। টুর্নামেন্টে এখনও অপরাজিত আছে বাংলাদেশ। ফাইনালে ভারতকে হারানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার।
সব
মিলিয়ে রাউন্ড রবিন লিগে দলের পারফরম্যান্সে খুশি বাটলার, ‘নেপালের বিপক্ষে যখনই খেলি,
আমাদের লড়াই করতে হয়। কেননা, তারা যোদ্ধা এবং সমান প্রচেষ্টা ও কমিটমেন্ট নিয়ে তাদের
বিপক্ষে আমাদের লড়তে হয়। আমার মনে হয়, মেয়েরা সেটা খুবই ভালোভাবে করতে পেরেছে, বিশেষ
করে শুরুর ১৫-২০ মিনিট। এরপর আমাদের গতি কিছুটা কমেছিল। সাতটি পরিবর্তনের সিদ্ধান্ত
নিয়েছিলাম কয়েকজনকে বিশ্রাম দেওয়ার জন্য। কেননা, আমার মনে হয়, আপনি ততটাই শক্তিশালী
দল, যতটা আপনার বেঞ্চ শক্তিশালী। মৌমিতা ছিল অসাধরণ, সুরভী রানী আসলেই ভালো করেছে।
আজকের ম্যাচ থেকে অনেক ইতিবাচক দিক এবং শিক্ষণীয় বিষয় আছে আমাদের।’
ভারত
প্রসঙ্গে বাটলারের ভাষ্য, ‘আমরা তাদের একবার হারিয়েছি, এখন আবারও হারাতে হবে। আমরা
সবসময় যেভাবে খেলি, সেভাবেই খেলব। যদি তারা ফাইনালের আগে এই মাঠে আমাদেরকে বা দুই দলকে
ব্যবহার করতে দেয়, তাহলে এখানে অনুশীলন করব। আশাকরি, তারা সেটা দেবে। কিন্তু সবচেয়ে
গুরুত্বপূর্ণ হচ্ছে, এখানে আমরা যা পাচ্ছি তার সবকিছুই, অন্য সবকিছুই বোনাস। মেয়েরা
দুর্দান্ত ভালো করেছে। আমি সত্যিই, সত্যিই মেয়েদের নিবেদন ও মনোযোগ নিয়ে সন্তুষ্ট
এবং আশাকরি, আমরা কাজটি শেষ করতে পারব। ভারতের বিপক্ষে খেলা কঠিন হবে, কারণ তাদের কিছু
ভালো খেলোয়াড় আছে। তারা শক্তিশালী, লম্বা, শারীরিকভাবে শক্তিশালী এবং এটি কঠিন ম্যাচ
হবে।’
আরকে/প্রবা