প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২০ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২১ পিএম
ইংলিশ চ্যাম্পিয়নশিপে চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে শনিবারের ম্যাচ শেষে ক্রাচে ভর দিয়ে মাঠ ছাড়তে দেখা যায় লেস্টার সিটির অধিনায়ক হামজা চৌধুরীকে। যা ভক্তদের মধ্যে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ দলের পরের ম্যাচ ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে। তার আগে ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে লাল-সবুজ বাহিনীর। তাই গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে হামজার চোটের খবরটা নিয়ে উদ্বেগ স্বাভাবিকই ছিল।
প্রাথমিকভাবে
গুঞ্জন ওঠে, ডান হাঁটুর মিডিয়াল কল্যাটারাল লিগামেন্টে চোটের কারণে সার্জারি প্রয়োজন
হতে পারে হামজার। যা তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে পাঠাতে পারত। লেস্টার সিটির কোচও ম্যাচের
পর বলেছিলেন, ‘হামজাকে হাঁটুর ব্রেস পরা অবস্থায় দেখেছি। মনে হচ্ছিল দ্রুত সেরে ওঠার
মতো নয়।’
আশার
খবর হলো, হামজার সার্জারির প্রয়োজন নেই। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, ডাক্তার ছয় থেকে
আট সপ্তাহ রিহ্যাবে থাকার পর মাঠে ফিরতে পরামর্শ দিয়েছেন তাকে। বুধবার (৪ ফেব্রুয়ারি) স্ক্যান রিপোর্টেও
বড় কোনো সমস্যা বা চিড় ধরা পড়েনি।
ফলে
হামজা সার্জারি ছাড়াই রিহ্যাব প্রক্রিয়া অনুসরণ করে ফের মাঠে ফিরবেন। ইংলিশ চ্যাম্পিয়নশিপে
লেস্টারের পরের ম্যাচ ৯ ফেব্রুয়ারি বার্মিংহামের বিপক্ষে। সে ম্যাচে দেখা যাবে না হামজাকে,
তবে জাতীয় দলের জন্য যথেষ্ট সময় পাবেন। হামজার এই সুখবর সবচেয়ে বেশি স্বস্তি দিচ্ছে
বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে।
আরকে/প্রবা