প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬ ২১:৩৪ পিএম
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলে ভুটানকে
১২-০ গোলে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। তবে শনিবার (৩১ জানুয়ারি) বড় ব্যবধানে জয়ের পরও
ম্যাচ শেষে আলোচনার বিষয়বস্ত হয়ে ওঠে মাঠের মান। নেপালের পোখারার রঙ্গশালা নিয়ে তীব্র
ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। তার কথায়, ‘আন্তরিকভাবেই বলছি, এই
মাঠটি ফুটবল খেলার জন্য মোটেও উপযুক্ত নয়। এটাকে সবুজ রঙ করে দেওয়া হয়েছে যেন দেখতে
ঘাসের মত লাগে। মাঠের আউটফিল্ড একদমই ভালো না!’এমন মাঠে খেলে
কতটুকু উন্নতি হবে মেয়েদের? বাটলারের ভাষায়, ‘বয়সভিত্তিক পর্যায়ে খেলোয়াড়দের বিকাশের
জন্য সঠিক মাঠে খেলা অত্যন্ত জরুরি এমন অনুপযুক্ত মাঠে খেলানো সম্পূর্ণ অনুচিত।’
ভিডিওতে দেখা গেছে পোখারার মাঠে ঘাসের
উপস্থিতি খুবই কম। কোথাও সবুজ, কোথাও ধূসর। ম্যাচে বড় ব্যবধানে বাংলাদেশ জিতলেও খেলার
মান নিয়ে সন্তুষ্ট নন কোচ বাটলার। স্কোরলাইন দেখে ম্যাচের মান বিচার করতে চান না এই
ব্রিটিশ কোচ, ‘আমরা খুব ভালো ফুটবল খেলেছি বলে মনে হয় না। এই মাঠে ভালো ফুটবল খেলা
সম্ভবও নয়। কিন্তু আমরা পরিস্থিতির সঙ্গে বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছি। স্কোরলাইনই
বলে দিচ্ছে ম্যাচে আমাদের কতটা আধিপত্য ছিল। তবে সবচেয়ে স্বস্তির বিষয় হলো, এমন বাজে
মাঠেও আমাদের কোনো খেলোয়াড় বড় কোনো ইনজুরিতে পড়েনি।’
বাটলার আরও যোগ করেন, ‘ম্যাচ শেষে খেলোয়াড়দের সুস্থ থাকা অনেক
জরুরি এবং আমরা তা করতে পেরেছি। দল দ্রুত বিশ্রাম নেবে, ভারত বনাম নেপালের ম্যাচ পর্যবেক্ষণ
করবে এবং পরবর্তী কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুতি নেবে।’
ম্যাচ প্রসঙ্গে বাটলারের ভাষ্য,‘সম্ভাব্য
যত বেশি বদলি নামানোর চেষ্টা করেছি। মেয়েদের মানসিকতা, নিবেদন এবং দলবদ্ধ হয়ে খেলার
মানসিকতায় আমি মুগ্ধ। “মাঝেমাঝে আমার মনে হয়, ছোট ছোট প্রাপ্তির জন্য কৃতজ্ঞ থাকা উচিত।
এই মাঠ দুই দলের জন্যই ছিল একই এবং আমি নিশ্চিত, তারাও (ভুটান) এটা নিয়ে খুশি নয়। কিন্তু
স্কোরলাইনেই প্রতিফলিত হচ্ছে আমাদের আধিপত্য এবং ম্যাচটি ছিল একপেশে।’