প্রবা স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬ ২১:০০ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬ ২১:০১ পিএম
শরীরের প্রতিটি পেশি যখন টান ধরে আসছে, তখনও মানসিক আর শারীরিক শেষ শক্তিটুকু নিংড়ে বের করে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটালেন কার্লোস আলকারাজ। আলেক্সান্ডার জভারেভকে হারিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন স্প্যানিশ তারকা।
মেলবোর্নে
পাঁচ ঘণ্টা ২৭ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই শেষে আলকারাজ জেতেন ৬-৪, ৭-৬ (৭-৫), ৬-৭ (৩-৭),
৬-৭ (৪-৭), ৭-৫ ব্যবধানে। তবে স্কোরলাইনে এই ম্যাচের নাটকীয়তা আর টানটান উত্তেজনার
পুরোটা ধরা পড়ে না। অস্ট্রেলিয়ার ওপেনের গতবারে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া
আলকারাজ প্রথমবারের মতো শেষ চারের টিকিট কাটলেন।
রড
লেভার অ্যারেনার নীল কোর্টে প্রথম দুই সেট পুরো নিয়ন্ত্রণে আলকারাজ, তখন তৃতীয় সেটে
৪-৪ গেমে সার্ভ করতে গিয়ে হঠাৎ থেমে যান তিনি। আচমকাই শরীর সাড়া দেওয়া বন্ধ করে দেয়-ঠিকমতো
সার্ভ করা তো দূরের কথা, হাঁটতেও কষ্ট হচ্ছিল।
বিশ্ব
নম্বর এক আলকারাজ চিকিৎসা বিরতি নেন, তৃতীয় বাছাই জভারেভ খানিকটা ক্ষুব্ধ তখন। ফিরে
এসে আলকারাজকে দেখা যায় নিজের ছায়া হয়ে থাকা এক খেলোয়াড় হিসেবে। সেই সুযোগে ম্যাচ গড়ায়
নির্ণায়ক পঞ্চম সেটে।
পঞ্চম
সেটে শুরুতেই ব্রেক নিয়ে এগিয়ে যান জভারেভ। ৫-৪ গেমে সার্ভ করতে নামেন ম্যাচ জয়ের জন্য।
ঠিক তখনই ঘটে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন। গ্যালারির সমর্থনে উজ্জীবিত আলকারাজ ব্রেক
ফেরান এবং ৬-৫ ব্যবধানে জার্মান তারকার নার্ভাস সার্ভের সুযোগ পুরোপুরি কাজে লাগান।
১০ পয়েন্টের টাইব্রেক ঠেকাতে গিয়ে চাপ নিতে পারেননি জভারেভ। জভারেভের ব্যাকহ্যান্ড
মিস হতেই বিস্ময়ে কোর্টে লুটিয়ে পড়েন আলকারাজ। রবিবারের ফাইনালের টিকিট তখন তার হাতে।
এই
জয়ে টেনিস ইতিহাস গড়ার স্বপ্ন বাঁচিয়ে রাখলেন ২২ বছর বয়সী আলকারাজ। এবার শিরোপা জিততে
পারলে তিনিই হবেন ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করা সর্বকনিষ্ঠ পুরুষ খেলোয়াড়।
এখন তার পথে একটাই বাধা-নোভাক জোকোভিচ অথবা ইয়ানিক সিনার।
আরকে/প্রবা