× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-২০ বিশ্বকাপে জ্যোতিরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬ ১৯:২৯ পিএম

 বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: আইসিসি

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: আইসিসি

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের শুরু থেকেই এবার অপ্রতিরোধ্য বাংলাদেশ। গতকাল বুধবার থাইল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে আসরে টানা পঞ্চম জয়ের স্বাদ পেল নিগার সুলতানার দল। বাংলাদেশের এই জয়ের পর বিকালে নেদারল্যান্ডসের কাছে হেরেছে যুক্তরাষ্ট্র। আর তাতেই বাংলাদেশের মূল পর্ব নিশ্চিত হয়ে গেছে। এ ছাড়া বিশ্বকাপের টিকিট পেয়েছে নেদারল্যান্ডসও।

এই নিয়ে টানা সপ্তমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। ২০১৪ সালে অভিষেক আসরে তারা খেলেছিল দেশের মাঠে স্বাগতিক হিসেবে। পরের প্রতিবারই বিশ্ব-আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা বাছাই পেরিয়ে। আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে আইসিসি দশম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। পুরুষদের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে লিটন-তাসকিনরা না থাকলেও নারীদের এই ফরম্যাটের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা বাংলাদেশের বড় সুসংবাদ। 

গতকাল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩৯ রানে হারায় থাইল্যান্ডকে। সকালে এই জয়ে বিশ্বকাপের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। তবে সুপার সিক্সের আরেক ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বৃষ্টি আইনে নেদারল্যান্ডসের ২১ রানের জয়ে বাংলাদেশের বিশ্বকাপ নিশ্চিত হয়। আসরে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট পায় নিগারের বাংলাদেশ। নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাওয়া জয়ের ৪ পয়েন্ট এবং সুপার সিক্সের প্রথম ম্যাচে পাওয়া জয়ের ২ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে টাইগ্রেসরা। 

একই সঙ্গে বিশ্বকাপ নিশ্চিত হয়েছে নেদারল্যান্ডসেরও। আসরে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ডাচ নারী ক্রিকেট দল। নেপালের কাঠমান্ডুর মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের শুরুতেই গোল্ডেন ডাক মারেন ওপেনার দিলারা আক্তার। ওয়ানডাউনে নেমে ১১ রানের বেশি করতে পারেননি শারমিন আক্তার। দলীয় ১২ রানে ২ উইকেট পতনের পর তৃতীয় উইকেটে শতরানের জুটি গড়েন জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি। তাদের ৮২ বলে ১১০ রানের জুটিতে বাংলাদেশের বড় সংগ্রহের ভিত গড়ার পথে ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পান দুজনে। 

এরপর ৩টি চার ও ৪টি ছক্কায় ৪৫ বলে ৫৬ রানে আউট হন জুয়াইরিয়া। সেই সঙ্গে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে স্বর্ণা আক্তারকে স্পর্শ করলেন তিনি। চলতি আসরেই পাপুয়া নিউগিনির বিপক্ষে ১৩ বলে ৪টি ছক্কায় ৩৭ রান করেছিলেন স্বর্ণা। সোবহানার ব্যাট থেকে আসে ৪২ বলে ৫৯ রান। ৯টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান সোবহানা। ইনিংসের শেষ দিকে রিতু মনির ৬ বলে ৩টি চারে ১৫ রানে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। 

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে থাইল্যান্ড। ইনিংসের প্রথম বলে থাইল্যান্ডের ওপেনার সুয়ানান খাইওতোকে শিকার করেন বাংলাদেশ পেসার মারুফা আক্তার। এরপর ৬৭ রানের জুটিতে লড়াইয়ে ফেরে থাইল্যান্ড। তবে পরের দিকে বাংলাদেশ বোলারদের দারুণ নৈপুণ্যে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে থাইল্যান্ড। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১২৬ রান করে থাইল্যান্ড। নাত্থাকান চান্থাম সর্বোচ্চ ৪৬, নানাপাত কোনচারোইকাই ২৯ এবং অধিনায়ক নারুইমল চাইওয়াই ৩০ রান করেন। বাংলাদেশের হয়ে মারুফা ২৫ রানে ৩টি, স্বর্ণা ও রিতু মনি ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন সোবাহানা। আগামী ৩০ জানুয়ারি সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে বাছাইপর্ব ছাড়া ৮টি দল দশম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আগেই।

স্বাগতিক হিসেবে খেলছে ইংল্যান্ড। এ ছাড়া ২০২৪ সালের পারফরম্যান্সের সুবাদে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ এবং টি-টোয়েন্টির র‌্যাঙ্কিয়ের ভিত্তিতে পাকিস্তান ও শ্রীলংকা মূল পর্বে জায়গা করে নিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা