প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬ ১৯:৩৬ পিএম
ভারতের দিল্লিতে আগামী ২ ফেব্রুয়ারি
থেকে শুরু হবে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ। ওই টুর্নামেন্টে খেলতে ৩১ জানুয়ারি দিল্লি
যাওয়ার কথা ছিল বাংলাদেশ শুটার রবিউল ইসলাম ও কোচ শারমিন আক্তারের। কিন্তু এখনো সরকারী
অনুমোদনই (জিও) মেলেনি শুটার ও কোচের!
জাতীয় ক্রীড়া পরিষদ সূত্রে জানা গেছে, যুব ও
ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলের কাছে ফাইলটি পাঠানো হয়েছে। যা এখনো ক্রীড়া পরিষদের
হাতে এসে পৌঁছেনি। এখনো জিও না পাওয়ায় একরকম হতাশ শুটার রবিউল, ‘৩১ জানুয়ারি আমাদের
ফ্লাইট হওয়ার কথা। হাতে আর মাত্র তিন দিন আছে। এর মধ্যে জিও হবে কি না আমি নিশ্চিত
নই। তবে প্রস্তুতি নিয়ে রাখছি।’
অনুমোদন পেলে শুধু রবিউলই যাবেন এই আসরে। নৌবাহিনীর
সদস্য হওয়ায় রবিউলের ভারতের ভিসার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে না। জিও পেলেই তিনি
যেতে পারবেন।
তবে কোচ শারমিনকে ভিসার জন্যও আবেদন করতে হয়েছে। এদিকে ক্রিকেট ইস্যুতে
বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক সম্পর্ক তিক্ততায় গড়িয়েছে। এই অবস্থায় জিও পেলেও ভারতীয়
ভিসা পাওয়া যাবে কিনা এ নিয়েও সন্দিহান শুটিং সংশ্লিষ্টরা।
আরকে/প্রবা