সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬ ১৯:২৫ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬ ২০:৩৭ পিএম
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে কাল বুধবার (২৮ জানুয়ারি) বিমানযোগে নেপালের উদ্দেশে রওনা দিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী জাতীয় ফুটবল দল। নেপালের পোখরায় শুরু হতে যাওয়া এই আঞ্চলিক টুর্নামেন্টে দক্ষিণ এশিয়ার আরও তিনটি দেশ (ভারত, নেপাল ও ভুটান) অংশ নেবে।
এই টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে
যুব পর্যায়ে নারী ফুটবলে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখার লক্ষ্য বাংলাদেশের। পাশাপাশি,
তরুণ প্রতিভা বিকাশ ও আঞ্চলিক প্রতিযোগিতার অভিজ্ঞতা অর্জনের জন্য সাফ অনূর্ধ্ব-১৯
নারী চ্যাম্পিয়নশিপ একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে।
সিঙ্গেল লিগ ভিত্তিক এই টুর্নামেন্টের
শীর্ষ দুই পয়েন্টধারী দল ফাইনাল খেলবে আগামী ৭ ফেব্রুয়ারি। ৩১ জানুয়ারি বাংলাদেশের
প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভুটান। তারপর ২ ফেব্রুয়ারি ভারত ও ৪ ফেব্রুয়ারি নেপালের মুখোমুখি
হবে লাল-সবুজ বাহিনী।
এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল বাংলাদেশ। তারা এ পর্যন্ত তিনবার এই আসরের শিরোপা জিতেছে (২০১৮, ২০২১ ও ২০২৪ সালে)। ভারত জিতেছে একবার, সেটা অবশ্য বাংলাদেশের সঙ্গে যুগ্মভাবে, ২০২৪ সালে।
আরকে/প্রবা