প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬ ১৮:৪৫ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬ ১৮:৪৬ পিএম
প্রথমবারের মতো দ্য
হানড্রেড ক্রিকেট টুর্নামেন্টে খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১১ ও ১২
মার্চ লন্ডনে এই নিলামের আয়োজন করা হবে। প্রথম পাঁচ আসরে খেলোয়াড়দের বেতন কাঠামোর
আওতায় ড্রাফট পদ্ধতির মাধ্যমে বিভিন্ন দলে ভাগ করা হতো। তবে যেসব খেলোয়াড় চুক্তিবদ্ধ
নন বা ধরে রাখা হয়নি, তাদের দল ও পারিশ্রমিক নির্ধারিত হবে নিলামের মাধ্যমেই। নিলামের
আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে সর্বোচ্চ চারজন খেলোয়াড় ধরে রাখা বা নতুন করে চুক্তিবদ্ধ
করার সুযোগ দেওয়া হয়েছিল।
নিলাম সূচি অনুযায়ী,
নারী বিভাগের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হবে ১১ মার্চ এবং ১২ মার্চ অনুষ্ঠিত হবে পুরুষদের
নিলাম। প্রতিটি দলে ১৬ থেকে ১৮ জন খেলোয়াড় নিয়ে স্কোয়াড গঠন করা হবে। একই সঙ্গে
থাকছে সর্বোচ্চ বেতন সীমা এবং ন্যূনতম ব্যয় বাধ্যবাধকতা, যাতে সব দল নির্দিষ্ট পরিমাণ
অর্থ খরচ করে প্রতিযোগিতায় অংশ নেয়।
২০২৬ মৌসুমকে সামনে
রেখে পুরুষদের দ্য হানড্রেডে প্রতিটি দলের বেতন তহবিল ৪৫ শতাংশ বাড়িয়ে ২০ লাখ ৫০
হাজার পাউন্ড নির্ধারণ করা হয়েছে। নারীদের প্রতিযোগিতায় এই তহবিল দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে
৮ লাখ ৮০ হাজার পাউন্ডে। পাশাপাশি নারী খেলোয়াড়দের ন্যূনতম পারিশ্রমিক ৫০ শতাংশ বৃদ্ধি
পেয়ে হয়েছে ১৫ হাজার পাউন্ড। এছাড়া, নারী ও পুরুষ উভয় বিভাগেই বিদেশি খেলোয়াড়ের সংখ্যা তিন থেকে বাড়িয়ে চার করা
হয়েছে।
এদিকে, ২০২৬ মৌসুমের
দ্য হানড্রেডের সূচিও প্রকাশ করা হয়েছে। আগামী ২১ জুলাই দ্য ওভালে পুরুষ ও নারী বিভাগের
উদ্বোধনী ডাবল-হেডার ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে মুখোমুখি হবে এমআই লন্ডন ও সানরাইজার্স
লিডস—দুটি দলই আইপিএল মালিকানার সঙ্গে সম্পৃক্ত।
গ্রুপ পর্বে মোট ৬৪টি
ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে ৩২টি ম্যাচ পুরুষদের এবং ৩২টি ম্যাচ নারীদের প্রতিযোগিতায়
খেলা হবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১২ আগস্ট। এর দুই দিন পর এলিমিনেটর
এবং ১৬ আগস্ট, রোববার অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। সম্ভাব্য বৈরী আবহাওয়ার কথা বিবেচনায়
রেখে এলিমিনেটর ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।
সম্প্রচার ব্যবস্থার
দিক থেকে, প্রতিটি ম্যাচ সরাসরি শোনা যাবে বিবিসি সাউন্ডসে। ম্যাচের হাইলাইটস পাওয়া
যাবে বিবিসি আইপ্লেয়ার ও বিবিসি স্পোর্ট ওয়েবসাইটে। পাশাপাশি, মোট ১৬টি ম্যাচ সরাসরি
সম্প্রচার করা হবে বিবিসি টেলিভিশনে।