প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬ ২০:২৭ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬ ২০:৫০ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি। ছবি: আইসিসি
ভারতে না খেলতে চাওয়া বাংলাদেশকে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ করে দিল ক্রিকেটের মোড়ল সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেই ঘোষণা শনিবার আইসিসি তাদের ওয়েবসাইটে জানিয়েছে।
যদিও এদিন সকাল থেকেই বিভিন্ন সংবাদমাধ্যম ও ক্রিকেটভিত্তিক ওয়েবসাইটগুলো এই খবর প্রকাশ করেছে, সেই খবরই যে সত্য তা জানাল আইসিসি।
আইসিসির প্রতিবেদনে বলা হয়েছে, “আইসিসি জানাচ্ছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড। শনিবার আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, আইসিসির দেওয়া সূচি অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টুর্নামেন্টে অংশগ্রহণে আপত্তির পর বাংলাদেশ আর এই টুর্নামেন্টের অংশ থোকছে না। বাংলাদেশের জায়গায় গ্রুপ ‘সি’-তে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির সঙ্গে খেলবে স্কটল্যান্ড”।
বিশ্বকাপের ম্যাচ ভারতে খেলতে না চেয়ে বিসিবি প্রথমবার আইসিসিকে ই-মেইল করে চলতি বছরের ৪ জানুয়ারি। এর ঠিক আগের দিন, ৩ জানুয়ারি, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সিদ্ধান্তে আইপিএল থেকে বাদ পড়েন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। বিসিসিআইয়ের নির্দেশ মেনে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে স্কোয়াড থেকেও ছেড়ে দেয়। এই ঘটনার পরই বাংলাদেশে ক্ষোভ আরও তীব্র হয়।
এরপর থেকেই নিরাপত্তার অজুহাতে ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে না চাওয়ার বিষয়ে সরব হয় বিসিবি। বোর্ডের এই অবস্থানের সঙ্গে যুক্ত হয় সরকারও। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল শুরু থেকেই এ ইস্যুতে সক্রিয় ছিলেন এবং বিসিবিকে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানোর নির্দেশ দেন। সরকারের সমর্থনে বিসিবি শুরু থেকে শেষ পর্যন্ত তাদের অবস্থানে অনড় থাকে।
আইসিসির ভোটে হেরে যায় বাংলাদেশ
গত ২১ জানুয়ারি আইসিসির বোর্ড সভায় বাংলাদেশের ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ ও পাকিস্তান ছাড়া বাকি সব দেশ বাংলাদেশের পরিবর্তে অন্য দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের পক্ষে ভোট দেয়। ২-১৪ ভোটে পরাজিত হয় বাংলাদেশ।
বাংলাদেশকে বাদও দেওয়া প্রসঙ্গে আইসিসির ব্যাখ্যা
আইসিসির বিবৃতিতে বলা হয়, “বিসিবির উদ্বেগ নিয়ে গত তিন সপ্তাহ ধরে স্বচ্ছ ও গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে এগোনো হয়েছে। ভিডিও কনফারেন্স ও সরাসরি বৈঠকের মাধ্যমে বিষয়টি পর্যালোচনা করা হয়। কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা, বাড়তি সুরক্ষা পরিকল্পনাসহ সব তথ্য বিসিবির সঙ্গে ভাগ করা হয়েছিল”।
২৪ ঘণ্টার আল্টিমেটাম, এরপর সিদ্ধান্ত
বুধবার এক বৈঠকের পর বিসিবিকে ২৪ ঘণ্টার সময় দেওয়া হয়—তারা ভারতে খেলবে কি না তা নিশ্চিত করতে। এক দিনের সময়ে ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠক করে বিসিবি। সেই বৈঠকে ক্রিকেটারদের জানানো হয় ‘নিরাপত্তার ঝুঁকি’ বিবেচনা করে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দিতে নারাজ সরকার। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এর জেরেই ভারতে খেলতে অস্বীকৃতির সিদ্ধান্ত বহাল রেখে আইসিসিকে জানায় বোর্ড।
স্কটল্যান্ডের সুযোগ
বাংলাদেশের জায়গায় টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ গ্রুপ ‘সি’-তে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির সঙ্গে খেলবে স্কটল্যান্ড। বর্তমানে টি–টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ১৪ নম্বরে রয়েছে দেশটি। যা নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, যুক্তরাষ্ট্র, কানাডা, ওমান ও ইতালির চেয়েও এগিয়ে।
বাংলাদেশের পাশে পিসিবি
এদিকে বিসিবি-আইসিসির এই টানাপোড়েনে শুরু থেকেই বাংলাদেশের পাশে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে বলে মনে করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। আইসিসির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ এনেছেন তিনি। বিশ্বকাপে খেলা নিয়ে পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন পিসিবি প্রধান।
এক সংবাদ সম্মেলনে শনিবার নাকভি বলেছেন, “টি–টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে। বাংলাদেশের ভেন্যু বদলানোর অনুরোধ সমর্থন করে তিনি আইসিসির উদ্দেশে বলেন, অতীতে ভারত ও পাকিস্তানকে যে সুবিধা দেওয়া হয়েছে, সেটা বাংলাদেশেরও প্রাপ্য”।
বাংলাদেশকে টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলতে দেওয়া না হলে পাকিস্তান দল টুর্নামেন্ট বর্জনের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে বলেও জানান তিনি।