× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানকে গোলবন্যায় ভাসিয়ে শিরোপার দ্বারপ্রান্তে সাবিনারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬ ২২:২০ পিএম

খেলার আগে হাতে হাতে রেখে সাবিনাদের জেতার এই প্রত্যয় ব্যর্থ হয়নি। ছবি : সাফ ফেসবুক

খেলার আগে হাতে হাতে রেখে সাবিনাদের জেতার এই প্রত্যয় ব্যর্থ হয়নি। ছবি : সাফ ফেসবুক

পাকিস্তানকে গোলবন্যায় ভাসিয়ে দিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপা জেতার পথে আরেক ধাপ এগিয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুড়ি স্টেডিয়ামে নিজেদের পঞ্চম ম্যাচে পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজ বাহিনী।



এই ম্যাচে হ্যাটট্রিকসহ ৪ গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন। জোড়া গোল করেন কৃষ্ণা রানী সরকার ও নওশন জাহান। অন্য গোলটি নিলুফা ইয়াসমিন নীলার। এই জয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়ন্ট টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ভুটান। শুক্রবার অন্য ম্যাচে তারা ২-১ গোলে হারায় ভারতকে। ৯ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে ভারত। কাল রবিবার নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ মালদ্বীপের ও ভুটান নেপালের মুখোমুখি হবে। বাংলাদেশ ওই ম্যাচে কমপক্ষে ড্র করলেই চ্যাম্পিয়ন হবে।


পাকিস্তানের বিপক্ষে ম্যাচে সাবিনা, কৃষ্ণা, নীলাদের আক্রমণের সামনে পাকিস্তানের মেয়েরা ছিলেন অসহায়। প্রথমার্ধে ৬-০ গোলে এগিয়ে থাকা বাংলাদেশের মেয়েরা দ্বিতীয়ার্ধে দেয় আরও ৩ গোল। বড় জয়ের হাসি নিয়েই মাঠ ছাড়েন সাবিনারা।


ভারতকে ৩-১ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-৩ ড্র করেছিল। পরের দুই ম্যাচে যথাক্রমে নেপালকে ৩-০ এবং শ্রীলঙ্কাকে ৬-২ গোলে হারায় দল।

গতকাল খেলার ৭ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। কৃষ্ণার পাস ধরে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা মাতসুশিমা সুমাইয়া বল বাড়ান গোলমুখে। ফাঁকায় থাকা সাবিনা নিখুঁত ট্যাপে বল জড়িয়ে দেন জালে।

এই গোলের রেশ থাকতেই সাবিনার পাসে সার্কেলের ঠিক ওপর থেকে বাম পায়ের প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন নীলা। দশম মিনিটে নওশন ব্যবধান আরও বাড়ান। দুই মিনিট পর পাকিস্তান গোলকিপারে স্লাইড করেও বল ক্লিয়ার করতে পারেননি। নিখুঁত টোকায় নিজের দ্বিতীয় গোলটি করেন নওশন।


প্রথমার্ধের শেষ দিকে এক মিনিটের মধ্যে আরও দুই গোল করে পাকিস্তানকে কোণঠাসা করে ফেলে বাংলাদেশ। সুমাইয়ার পাস প্রথম স্পর্শে নিয়ন্ত্রণ নিয়ে, জায়গা বানিয়ে বাম পায়ের শটে লক্ষ্যভেদ করেন কৃষ্ণা। এরপর নীলার পাসে বাম পায়ের প্লেসিং শটে জাল খুঁজে নেন সাবিনা।


জয় অনেকটাই নিশ্চিত হয়ে যাওয়ায় দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া ছিল না বাংলাদেশ। এ অর্ধের দ্বাদশ মিনিটে সাবিনার পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন কৃষ্ণা।

একটু পর আনমোল হিরা উঁচু শটে পাকিস্তানকে গোল এনে দেন। সাত মিনিট বাকি থাকতে সাবিনার শট গোলকিপারের পায়ে লেগে জালে জড়ায়। শেষ দিকে কিছুটা দুরূহ কোণ থেকে সাবিনা আবারও জাল খুঁজে নিলে অনেক বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা