প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬ ১৯:৫৯ পিএম
কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির
হোসেন আর নেই। কাবাডির অঙ্গনে অত্যন্ত পরিচিত এই ব্যক্তিত্বের উপস্থিতি যেকোনো অনুষ্ঠানে
সর্বদা চোখে পড়ত। অ্যাডহক কমিটিতে এবার কোষাধ্যক্ষ হয়েছিলেন তিনি। যাত্রাবাড়ির নিজ
বাসায় মঙ্গলবার (২০ জানুয়ারি) মধ্যরাতে স্ট্রোকজনিত কারণে কাবাডির এই নিবেদিতপ্রাণ সংগঠক (৫৪) ইন্তেকাল
করেন।
মনির কেবল কাবাডি সংগঠকই ছিলেন না; ফুটবলের সঙ্গেও তার গভীর সম্পৃক্ততা ছিল। প্রথম বিভাগ ফুটবল লিগে যাত্রাবাড়ী ক্রীড়া চক্রের অন্যতম কর্মকর্তা ছিলেন। তার স্ত্রী নাসরীন আক্তার বেবী নিজেও সাবেক রেফারি। বর্তমানে নারী ফুটবল লিগে নাসরীন একাডেমির সাধারণ সম্পাদকও।
এক সময় মনির রেফারিংও
করতেন এবং পরবর্তীতে ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের বিভিন্ন কমিটিতেও দায়িত্ব পালন করেছেন।
মনিরের আকস্মিক মৃত্যুর খবর কাবাডি
ও ফুটবল অঙ্গনে গভীর শোকের সৃষ্টি করেছে। কাবাডি ফেডারেশন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন
ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে। 
বুধবার সকালে
মনিরের স্মৃতি বিজড়িত কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তাঁর প্রথম জানাজা। এরপর যাত্রাবাড়ি
ঈদগাহ মাঠে আরও একটি জানাজার পর জুরাইন কবরস্থানে মনিরকে দাফন করা হয়।
ইহজগত ছেড়ে যাওয়ার
সময় স্ত্রী, এক ছেলে ও মেয়ে রেখে গেছেন মনির।
আরকে/প্রবা