প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬ ২২:৪৯ পিএম
ফিফা বিশ্ব র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। অবস্থান হেরফের হয়নি বাংলাদেশের। আগের মতোই তারা আছে ১৮০তম স্থানে। প্রতিবেশী ভারত একধাপ এগোলেও আছে ১৪১তম স্থানে। বাংলাদেশের চেয়ে দুই ধাপ নিচে নেপাল। সাফ অঞ্চলের অন্য দুই দেশ শ্রীলঙ্কা ও পাকিস্তান আছে যথাক্রমে ১৯৪ ও ১৯৯তম স্থানে।
লিওনেল
মেসির আর্জেন্টিনা আছে আগের দ্বিতীয় স্থানেই। এরপর আছে যথাক্রমে ফ্রান্স, ইংল্যান্ড,
ব্রাজিল, পর্তুগাল ও নেদারল্যান্ডস। তালিকায় সবার ওপরে স্পেন।
আফ্রিকা
কাপ অব নেশনসের কারণে র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় প্রভাব পড়েছে। সেনেগালের কাছে ফাইনাল
হারলেও মরক্কো তাদের ইতিহাসের সর্বোচ্চ ফিফা র্যাঙ্কিং অর্জন করেছে। ৩ ধাপ এগিয়ে ৮ম
স্থানে উঠে এসেছে তারা। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের আগের সেরা অবস্থান ছিল ১৯৯৮
সালের এপ্রিলে, ১০ম। সেনেগাল সাত ধাপ উঠে তাদের ইতিহাসসেরা ১২তম স্থানে আছে।
আফ্রিকান দলের মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিং ছিল নাইজেরিয়ার। ১৯৯৪ সালে পঞ্চম স্থানে উঠে এসেছিল তারা। আর আরব দেশের মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিং ছিল মিশরের। ২০১০ সালের জুলাইয়ে ৯ম স্থানে পৌঁছেছিল তারা। টুর্নামেন্টে তৃতীয় স্থান অধিকারী নাইজেরিয়া ২৬তম স্থানে উঠে এসেছে। সেমিফাইনালে পৌঁছানো মিশর চার ধাপ এগিয়ে আছে ৩১তম স্থানে। আলজেরিয়ার তিন ধাপ পেছনে তারা। ক্যামেরুনও (৪৫) এগিয়েছে ১২ ধাপ। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া গ্যাবন হারিয়েছে ৪৪.৯৭ পয়েন্ট। সবচেয়ে বেশি পয়েন্ট হারিয়ে দলটি নেমে গেছে ৮৬ নম্বরে।
আরকে/প্রবা