× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোলবন্যা-পয়েন্টের লড়াই জমিয়ে তুলেছে রাজশাহী-ফরাশগঞ্জ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬ ২২:৪১ পিএম

গোলবন্যা-পয়েন্টের লড়াই জমিয়ে তুলেছে রাজশাহী-ফরাশগঞ্জ

আগের নারী ফুটবল লিগে দেখা গেছে কোনো নির্দিষ্ট একটি দলই (যেমন : বসুন্ধরা কিংস কিংবা নাসরিন স্পোর্টস একাডেমি) শুরু থেকে শেষ পর্যন্ত ফেভারিট থেকে শিরোপা জিতেছে এবং প্রতিপক্ষকে মুড়িমুড়কির মতো গোলবন্যায় ভাসিয়েছে। চলতি লিগেও গোলবন্যা অব্যাহত আছে, তবে একটি লক্ষ্যণীয় পরিবর্তনও প্রতীয়মান হচ্ছে। সেটা হচ্ছে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো দলকে ফেভারিট বলা যাচ্ছে না। সেক্ষেত্রে অন্ততঃ দু’টি দলের নাম নিতেই হচ্ছে। সেটি হচ্ছে রাজশাহী স্টারস ফুটবল ক্লাব এবং ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার উভয় দলই তাদের ষষ্ঠ লিগ-ম্যাচ খেলেছে। দু’দলই জিতেছে বড় ব্যবধানে এবং দু’দলই সমান ১৮ পয়েন্ট পেয়ে বাকিদের চেয়ে এগিয়ে আছে। রাজশাহী গোল পার্থক্যে এগিয়ে থাকায় (৬৫ গোল) আপাতত তারাই আছে শীর্ষে । ৬১ গোল করে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ফরাশগঞ্জ। দু’দলই এখনও অপরাজিত এবং এখনও কোনো গোল হজম করেনি। তিনে থাকা বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাবেরও সংগ্রহ ১৮ পয়েন্ট। তবে তারা খেলেছে এক ম্যাচ বেশি। ফলে বলাই যায় গোলবন্যা আর পয়েন্টের লড়াইটা বেশ ভালোই জমিয়ে তুলেছে রাজশাহী-ফরাশগঞ্জ।


মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগে ফরাশগঞ্জ ১১-০ গোলে গতবারের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমিকে, আর্মি ৪-০ গোলে সিরাজ স্মৃতি সংসদকে, রাজশাহী ১০-০ গোলে ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাবকে, বিকেএসপি ফুটবল ক্লাব ৯-০ গোলে কাচারিপাড়া একাদশ উন্নয়ন সংস্থাকে হারায়। বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব ২-২ গোলে আনসার ও ভিডিপি ফুটবল ক্লাবের সঙ্গে ড্র করে।


ফরাশগঞ্জ-নাসরিন ম্যাচে ফরাশগঞ্জের শামসুন্নাহার জুনিয়র ও মারিয়া মান্দা হ্যাটট্রিক করেন। জোড়া গোল করেন তহুরা খাতুন ও মনিকা চাকমা। অপর গোলটি শামসুন্নাহার সিনিয়রের। ম্যাচসেরা হন মারিয়া মান্দা। চলতি লিগে এখন পর্যন্ত ৫টি হ্যাটট্রিক ও ২২টি গোল করেছেন শামসুন্নাহার জুনিয়র, যা সবার চেয়ে বেশি।


আর্মি-সিরাজ ম্যাচে ১টি করে গোল করেন আর্মির শিখা আক্তার, অর্পিতা বিশ্বাস, ইতি আক্তার ও জয়নব বিবি রিতা। ম্যাচসেরা হন শিখা আক্তার।

রাজশাহী-রেঞ্জার্স ম্যাচে রাজশাহীর আলপি আক্তার ডাবল হ্যাটট্রিক করেন। জোড়া গোল করেন  সৌরভী আকন্দ প্রীতি। ১টি করে গোল করেন পূজা দাস ও দীপা শাহী। শেষের জন হন ম্যাচসেরা।


বিকেএসপি-কাচারিপাড়া ম্যাচে বিকেএসপির ফাতেমা আক্তার ও রুনা আক্তার হ্যাটট্রিক করেন। ১টি করে গোল করেন মীরা খাতুন ও কবিতা রানী। কাচারিপাড়ার মাসুদা আক্তার আত্মঘাতী গোল করেন।

আরকে/প্রবা

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা