প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬ ২২:৩৩ পিএম
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়
জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) থাইল্যান্ডের ব্যাংককে চতুর্থ ম্যাচ খেলতে নেমে
অধিনায়ক রাহবার ওয়াহেদের ম্যাজিকে শ্রীলঙ্কাকে হারিয়েছে ৫-১ গোলের ব্যবধানে। চার ম্যাচে
দুই জয় ও এক ড্র নিয়ে ফাইনালের পথে ভালোভাবেই আছে বাংলাদেশের ছেলেরা।
ভারতের সঙ্গে ড্রয়ের পর মালদ্বীপের
কাছে বড় ব্যবধানে হারতে হয়েছিল বাংলাদেশকে। সেই ধাক্কা সামলে তারা ভুটানকে হারায় ৪-১
ব্যবধানে। আর মঙ্গলবার শ্রীলঙ্কাকে হারাতে খুব বেশি বেগ পেতে হয়নি। রাহবার জোড়া গোলের
পাশাপাশি সতীর্থকে দিয়ে এক গোল করান। এ আসরে অসাধারণ খেলছেন কানাডাপ্রবাসী রাহবার।
শুরু থেকেই দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।
কানাডা প্রবাসী ফুটবলার রাহবার
ব্রিটিশ কোচ জেমি ডের সময় জাতীয় দলেও খেলেছিলেন। এরপর আর জাতীয় দলে ডাক পাননি। গত বছর
মালয়েশিয়ায় এশিয়ান ফুটসালের বাছাইয়ে বাংলাদেশ দল গঠনের সময় ফুটসাল দলে ফেরেন। তাকে
অধিনায়কত্ব দেয় ফুটসাল কমিটি।
ম্যাচ শুরুর চতুর্থ মিনিটেই রাহবার
ওয়াহেদ খানের অসাধারণ ফিনিশে এগিয়ে যায় বাংলাদেশ। কাউন্টার অ্যাটাক থেকে বল পেয়ে একাই
আক্রমণে উঠে বাঁদিক থেকে জোরালো শটে গোল করেন বাংলাদেশ অধিনায়ক।
ম্যাচের পঞ্চম মিনিটে বাজে ট্যাকলে
হলুদ কার্ড দেখতে হয় বাংলাদেশ কিপার রাব্বিকে। ফ্রি কিক থেকে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরান
৮। তার শট মানব দেওয়ালে লেগে জালে প্রবেশ করে।
ম্যাচের ১৮ মিনিটে ২-১ করেন রাহবার।
ইব্রাহিমের কাছ থেকে পাস পেয়ে ডান দিক থেকে ডানপায়ের কোনাকুনি শটে বাংলাদেশকে এগিয়ে
নেন অধিনায়ক। দ্বিতীয়ার্ধ শুরুর পরপরই ৩-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এবার রাহবার অসাধারণ
বল সাজিয়ে দেন মঈনকে। বাঁদিক দিয়ে আক্রমণে উঠে গোলমুখে রাহবারের আড়াআড়ি পাস সহজেই জালে
পাঠান মঈন।
ম্যাচের ৩৩ মিনিটে একক প্রচেষ্টায়
গোল করেন বিন কাসেম। শ্রীলঙ্কার খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে দ্বিতীয় প্রচেষ্টায়
জালের দেখা পান এই তরুণ।
৪ গোলে পিছিয়ে পড়ে অলআউট আক্রমণে
গিয়ে পঞ্চম গোল হজম করে শ্রীলঙ্কা। এবার মোহাম্মদ আমির হোসেন নিজেদের অর্ধ থেকে ফাঁকা
পোস্টে বল জমা করেন। বাকিটা সময় রক্ষণ সামলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
৪ ম্যাচে ২ জয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের
দুইয়ে উঠে এসেছে বাংলাদেশ। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে মালদ্বীপ। বাংলাদেশের সমান ৭ পয়েন্ট
নিয়ে তিনে পাকিস্তান। আগামী বৃহস্পতিবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ৬ ম্যাচ
শেষে টেবিলের চূড়ায় থাকা দল পাবে শিরোপা।
আরকে/প্রবা