প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬ ১৯:১৩ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৬ ১৯:১৫ পিএম
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: ফাইল ফটো
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অযৌক্তিক চাপ তৈরি করে আইসিসি বাংলাদেশকে ম্যাচ ভারতে খেলাতে বাধ্য করতে পারবে না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
সচিবালয়ে মঙ্গলবার দুপুরে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
বাংলাদেশ ভারতে না গেলে পরবর্তী র্যাঙ্কিংধারী দল স্কটল্যান্ড বিশ্বকাপে খেলবে—ফরাসি বার্তা সংস্থা এএফপির এমন এক প্রতিবেদন প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “আমার জানামতে, আনুষ্ঠানিকভাবে এমন কিছু শুনিনি। কথা হচ্ছে, যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে মাথানত করে আমাদের ওপর চাপ সৃষ্টি করে, অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না।
“এরআগে এমন উদহারণ আছে। পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলে বলার পর আইসিসি ভ্যানু পরিবর্তন করেছে। খুবই যৌক্তিক কারণে আমরা ভ্যানু পরিবর্তনের কথা বলেছি। আমাদের ওপর অযৌক্তিক চাপ তৈরি করে ভারতে খেলাতে আমাদের বাধ্য করা যাবে না,” যোগ করেন তিনি।
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা। নিরাপত্তাশঙ্কায় ভারতে খেলবে না জানিয়ে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য এর আগে আইসিসির সাথে একাধিকবার চিঠি আদান-প্রদান করেছে বাংলাদেশ। এ নিয়ে চলতি সপ্তাহে ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিসিবি, তবে কোনো সমাধানে পৌঁছানো যায়নি।