বাংলাদেশ ইস্যুতে
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬ ২৩:০২ পিএম
বাংলাদেশের পাশে সংহতি জানাতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান-এ কথা স্পষ্ট করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী মাসে শুরু হতে যাওয়া এই বৈশ্বিক টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনা নেই তাদের।
বাংলাদেশের
ম্যাচগুলো ভারত থেকে সরানো না হলে পাকিস্তানও কি ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া আইসিসি
টি-টোয়েন্টি
বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে-এমন প্রশ্নের জবাবে পিসিবির ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে
জানায়, ‘না, এটা পিসিবির অবস্থান নয়।’
সূত্রটি
আরও জানায়, পাকিস্তানের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর মতো কোনো যৌক্তিক ভিত্তি নেই।
কারণ, পাকিস্তান ইতোমধ্যেই তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলছে। সূত্রটির ভাষায়,
‘মানুষ এমন গুজব ছড়ায় শুধু বিষয়টিকে উসকে দেওয়ার জন্য।’
এর
আগে পাকিস্তানের কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছিল, বিশ্বকাপ সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি
সাময়িকভাবে স্থগিত রেখেছে পিসিবি। কর্মকর্তাদের বরাতে জানা যায়, পরবর্তী করণীয় বিষয়ে
দল ব্যবস্থাপনাকে পরে ব্রিফ করা হবে এবং পাকিস্তান যদি শেষ পর্যন্ত টুর্নামেন্টে না
খেলে, সে
ক্ষেত্রে একটি বিকল্প পরিকল্পনাও প্রস্তুত রাখতে বলা হয়েছে।
তবে
পাকিস্তান বাংলাদেশের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। ভারতের নিরাপত্তা পরিস্থিতি
নিয়ে বাংলাদেশের উদ্বেগকে তারা যৌক্তিক ও গ্রহণযোগ্য বলেও মন্তব্য করেছে। একইসঙ্গে
জানা গেছে, আইসিসির সঙ্গে চলমান অচলাবস্থায় কূটনৈতিক ও ক্রিকেটীয় সহায়তার জন্য বাংলাদেশ
ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের পাকিস্তানি সমকক্ষের সঙ্গে যোগাযোগ করেছে।
এর
আগে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়ার পর বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে টি-টোয়েন্টি
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরানোর অনুরোধ জানায়। চিঠিতে খেলোয়াড়, কোচিং
স্টাফ ও কর্মকর্তাদের ‘নিরাপত্তা ও সুরক্ষা’ নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করা হয়। তবে
আইসিসির নিরাপত্তা দল ভারতীয় ভেন্যুগুলোতে ‘শূন্য থেকে নগণ্য’ ঝুঁকি রয়েছে বলে জানায়।
বিসিবি তাদের দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি বলেও জানা গেছে।
তা
সত্ত্বেও বাংলাদেশ সরকারের নির্দেশনায় বিসিবি তাদের অবস্থান থেকে সরে আসেনি। আইসিসি
প্রতিনিধি দলের সঙ্গে সর্বশেষ বৈঠকে বিসিবি একটি গ্রুপ অদলবদলের প্রস্তাব দেয়-যেখানে
বাংলাদেশ গ্রুপ ‘বি’-তে যাবে এবং আয়ারল্যান্ড যাবে গ্রুপ ‘সি’-তে। বিসিবির এক সংবাদ
বিজ্ঞপ্তিতে বলা হয়,
‘অন্যান্য বিষয়ের পাশাপাশি ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টির সমাধান করতে
বাংলাদেশকে অন্য একটি গ্রুপে স্থানান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।’
গ্রুপ
‘বি’-এর ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আইসিসি আয়ারল্যান্ডকে আশ্বাস
দিয়েছে, তাদের গ্রুপ পরিবর্তনে বাধ্য করা হবে না। অন্যদিকে বাংলাদেশের জন্য নির্ধারিত
আছে কলকাতায় তিনটি এবং মুম্বাইয়ে একটি গ্রুপ ম্যাচ।
আইসিসি
সূচিতে পরিবর্তন আনতে অনিচ্ছুক বলে মনে করা হচ্ছে। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত এখন পুরোপুরি
বিসিবির হাতেই। আগামী ২১ জানুয়ারি দুবাই সময় বিকেল ৫টার মধ্যে আইসিসিকে নিজেদের চূড়ান্ত
সিদ্ধান্ত জানাতে হবে বাংলাদেশকে।
যদি
বাংলাদেশ টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়, তাহলে পয়েন্ট হারানোর পাশাপাশি আর্থিক জরিমানার
মুখেও পড়তে পারে। কারণ, অংশগ্রহণ না করলে আইসিসির রাজস্ব বণ্টন ব্যবস্থার সঙ্গে যুক্ত
অংশগ্রহণ সংক্রান্ত শর্ত ভঙ্গ হবে।
আরকে/প্রবা