প্রবা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২২ ১৫:১২ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২ ১৫:৩৩ পিএম
পাকিস্তানের মডেল, অভিনেত্রী আয়েশা ওমর, শোয়েব মালিক ও সানিয়া মির্জা।
সানিয়া মির্জার সঙ্গে শোয়েব মালিকের বিবাহবিচ্ছেদের খবরের সঙ্গে জড়িয়ে গেছে পাকিস্তানের মডেল, অভিনেত্রী আয়েশা ওমরের নাম। এই আয়েশার সঙ্গেই নাকি সম্পর্কে জড়িয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার। তাদের ঘনিষ্ঠ ছবিও দেখা গিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
শোয়েবের সঙ্গে সম্পর্ক নিয়ে অবশেষে মুখ খুলেছেন আয়েশা। পাকিস্তানের এই অভিনেত্রীর দাবি, তার সঙ্গে শোয়েবের কোনো সম্পর্ক নেই। বিস্মিত আয়েশা জানিয়েছেন, যে ছবি নিয়ে গুঞ্জন তৈরি করা হচ্ছে, তা পুরোনো।
এক সাক্ষাৎকারে আয়েশা বলেছেন, ‘পেশাদার কারণে ওই ছবি তোলা হয়েছিল অনেক আগে। একটি বিজ্ঞাপনে আমরা একসঙ্গে কাজ করেছিলাম। অথচ অনেকে বলছেন, এটা নাকি আমার আর শোয়েবের ঘনিষ্ঠ ছবি। শুধু শুধু দুটো বিষয়ের মধ্যে যোগসূত্র তৈরি করা হচ্ছে। এই ছবির সঙ্গে শোয়েব-সানিয়ার বিচ্ছেদের কোনো সম্পর্ক নেই।’
তিনি আরও বলেছেন, ‘আমি কখনও কাউকে বিবাহিত জীবনের বাইরে এ ধরনের সম্পর্ক নিয়ে উৎসাহিত করিনি। বিবাহবহির্ভূত সম্পর্ক আমার পছন্দ নয়।’ তবে আয়েশা বলেছেন, শোয়েবের সঙ্গে তার বন্ধুত্ব রয়েছে।
আয়েশা বলেছেন, ‘আমি শোয়েব এবং সানিয়ার সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল। আমি ওদের দুজনকেই পছন্দ করি। শোয়েব আমার ভালো বন্ধু। তার থেকে বেশি কিছু না।’
সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে কয়েকজন শোয়েবের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করেছিলেন। তাদের একজনকে আয়েশা উত্তর দিয়েছেন, ‘এমন কিছুই নেই। ভুল ভাবছেন। শোয়েব বিবাহিত। স্ত্রীকে নিয়ে শোয়েব যথেষ্ট খুশি।’
গত কয়েক মাস ধরেই শোয়েবের সঙ্গে সানিয়ার বিচ্ছেদের গুঞ্জন চলছে। যদিও এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি দুজনের কেউই।
ভারতীয় মিডিয়া সূত্রের খবর, আয়েশার প্রতি শোয়েবের আগ্রহ নিয়েই সানিয়ার ১২ বছরের বৈবাহিক জীবনে অশান্তির সূত্রপাত এবং পরিণতিতে বিচ্ছেদ। একটি বিজ্ঞাপনী চুক্তির জন্য তারা সরকারিভাবে বিচ্ছেদের ঘোষণা করতে সময় নিচ্ছেন। তারা বিচ্ছেদের আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।
আয়েশাও বিষয়টি নিয়ে এত দিন কোনো মন্তব্য করেননি। অবশেষে পাক অভিনেত্রী জানালেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
কিছুদিন আগে ইনস্টাগ্রামে একটি স্টোরিতে সানিয়া লিখেছিলেন, ‘ভাঙা হৃদয় কোথায় যায়? ঈশ্বর খুঁজতে।’
ভারতের অন্যতম সেরা টেনিস তারকা ছেলের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে ইজহান তাকে চুমু খাচ্ছে।
সেই ছবির সঙ্গে সানিয়া লিখেছিলেন, ‘যে মুহূর্তগুলো কঠিন সময় পার করে দেয়।’
নিজের অ্যাকাউন্ট থেকে শোয়েবের ছবিও সরিয়ে দেন সানিয়া।