প্রবা স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬ ২০:৩৭ পিএম
রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা স্ট্রাইকার রুড ভ্যান নিস্টেলরয় বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসের কোচিং স্টাফে যোগ দেবেন। শুক্রবার (১৬ জানুয়ারি) এমনটাই জানিয়েছে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন।
নেদারল্যান্ডসের হয়ে ৭০ ম্যাচে ৩৫
গোল করা এই খেলোয়াড় কমলা শিবিরে তাদের বিশ্বকাপের প্রস্তুতির জন্য ম্যানেজার রোনাল্ড
কোম্যানের সহকারী হিসেবে কাজ করবেন।
গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার
সিটিকে কোচিং করানো নিস্টেলরয় বলেন, ‘ডাচদের সঙ্গে এই ভূমিকায় ফিরে আসা এবং প্রতিভাবান
খেলোয়াড়দের সঙ্গে নেদারল্যান্ডসের প্রতিনিধিত্ব করা আমার জন্য একটি বিশাল সম্মানের।
একইসঙ্গে এটি একটি দারুণ চ্যালেঞ্জ আমার জন্য।’ দেশটির হয়ে খেলোয়াড় এবং কোচ, দুই ভূমিকায়
নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চান বলেও জানান তিনি।
বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত ছিল নেদারল্যান্ডস।
একমাত্র ব্যর্থতা বলতে পোল্যান্ডের বিপক্ষে হোম এবং অ্যাওয়ে ম্যাচে ড্র করা। এবার বিশ্বকাপে
তাদের গ্রুপ পর্বের প্রতিপক্ষ হবে জাপান, তিউনিসিয়া। এছাড়া পোল্যান্ড, ইউক্রেন, সুইডেন
এবং আলবেনিয়া থেকে যে দলটি উত্তীর্ণ হবে তারাও আসবে এই গ্রুপে।
এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে দুর্দান্ত
লড়াইয়ের পর কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে পেনাল্টিতে হেরে যায়
নেদারল্যান্ডস।
আরকে/প্রবা