× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফ ফুটসালে বাংলাদেশের ভারত বধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬ ২০:৩৯ পিএম

সাফ ফুটসালে বাংলাদেশের ভারত বধ

 ছেলেরা না পারলেও মেয়েরা পেরেছে। জয় দিয়ে বাংলাদেশ নারী জাতীয় ফুটসাল দল যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক অঙ্গনে। দারুণ আত্মবিশ্বাসী ও কৌশলগত পারফরম্যান্সে ভারত নারী ফুটসাল দলকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে আক্রমণাত্মক শুরু আর কার্যকর ম্যাচ ম্যানেজমেন্টে শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ ধরে রাখে লাল-সবুজ বাহিনী। 

ম্যাচের শুরুতেই ব্যবধান গড়ে দেয় বাংলাদেশ। ৭ মিনিটে কৃষ্ণা রাণী সরকারের অ্যাসিস্টে অভিজ্ঞ সাবিনা খাতুনের নিঁখুত ফিনিশিংয়ে লিড নেয় বাংলাদেশ। সেই সাথে লাল-সবুজের হয়ে নারী ফুটসাল দলের প্রথম আন্তর্জাতিক গোলদাতা হিসেবে নিজের নাম তোলেন সাবিনা।

ব্যবধান দ্বিগুন করেন অধিনায়ক সাবিনা-ই। ১৩ মিনিটে বাংলাদেশকে আরও একবার আনন্দের উপলক্ষ্য এনে দেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড। বাঁ দিক থেকে কৃষ্ণার দুর্দান্ত ক্রসে ডিফেন্ডার ও ভারত গোলরক্ষককে বোকা বানান সাবিনা।

আক্রমণে ডায়মন্ড শেপে দ্রুত ট্রানজিশন করে প্রতিপক্ষকে চাপে রাখে বাংলাদেশ। হাই প্রেসিং, দ্রুত বল রিকভারি এবং অভিজ্ঞ খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্স ছিল বাংলাদেশের মূলশক্তি। স্কোরলাইনের সুবিধা নিয়ে দ্বিতীয়ার্ধে ফাউল ম্যানেজমেন্ট ও টাইমআউট ব্যবহারে ম্যাধ্যমে ম্যাচের নিয়ন্ত্রণে রাখে বাংলাদেশ। দলের কোচ সাইদ খোদারাহমির ম্যাচ রিডিং ও সময়োপযোগী সিদ্ধান্তও ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই অর্ধে একাধিক আক্রমণ করে ভারত। কিন্তু বাংলাদেশ রক্ষণের পাশাপাশি দুর্দান্ত পারফরম্যান্স বাংলাদেশ গোলরক্ষক স্বপ্না আক্তার ঝিলির। তিনি বার বার রুখে দেন ভারতকে। দ্বিতীয়ার্ধে লিড ধরে রেখে ম্যাচ কন্ট্রোলে মনোযোগ দেয় সাবিনা-সুমাইয়ারা। এতে আবারও আসে সাফল্য। ৩১ মিনিটে মিডফিল্ড ট্রানজিশন থেকে লং রেঞ্জ শটে গোল করে স্কোরলাইন ৩-০ করেন সুমাইয়া মাতসুশিমা। ৩৬ মিনিটে একটি গোল শোধ করে ভারত। তবে এরপর আর ম্যাচে ফিরতে পারেনি তারা।

এই জয়ে গ্রুপ পর্বে বাংলাদেশের আত্মবিশ্বাস আরও বেড়েছে এবং টুর্নামেন্টে দলের সম্ভাবনাকে নতুন করে তুলে ধরেছে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ ভুটান।

ম্যাচ শেষে সাবিনা জয়ের কৃতিত্ব দেন পুরো দলকে, ‘প্রথমত, ধন্যবাদ, কঠিন একটা ম্যাচ ছিল। ভারতের বিপক্ষে খেলা সবসময়ই কঠিন, কিন্তু আমাদের মেয়েরা আসলেই ভালো খেলেছে। এজন্য তাদের সাধুবাদ জানাই। সমর্থক যারা আজ মাঠে এসেছেন আমাদের সমর্থন দিতে, তাদেরও ধন্যবাদ।’

বাংলাদেশের বিপক্ষে হারের পর অন‍্য ম‍্যাচের দিকে তাকিয়ে ভারতের খেলোয়াড় মারজিয়া, ‘হার্ড লাক, আমরা ঘুরে দাঁড়াতে পারতাম, কিন্তু পারিনি। ঠিক আছে, এখনও আমাদের হাতে চারটি ম্যাচ আছে, সেগুলো আমরা জিততে পারি।’

আরকে/প্রবা

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা