প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬ ২০:২৩ পিএম
অপরাজিত থেকে সিনিয়র ডিভিশন ফুটবল লিগের শিরোপা নিশ্চিত করল যাত্রাবাড়ী ক্রীড়া চক্র। প্রমোশন পেয়ে আগামী মৌসুমে ঘরোয়া ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ স্তরের টুর্নামেন্ট বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল) খেলবে তারা।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা
কামাল স্টেডিয়ামে ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের বিপক্ষে গোলশূন্য ড্র
করে যাত্রাবাড়ী। ফলে লিগে এক ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয় তাদের শিরোপা। ১৭ দলের লিগে
শীর্ষে থেকে যাত্রাবাড়ী নিজেদের রেখেছে ধরাছোঁয়ার বাইরে। ১৫ ম্যাচে ১১ জয় ও ৪ ড্রয়ে
তাদের সংগ্রহ ৩৭ পয়েন্ট। আর কোনো দলের পক্ষেই তা ছোঁয়া সম্ভব নয়।
তবে রানার্সআপ হওয়ার লড়াই এখনো জমে
আছে। মহাখালী একাদশ ও সাধারণ বীমা কর্পোরেশন এসসি যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে
থেকে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে।
১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে মহাখালী এগিয়ে
থাকলেও ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট পাওয়া বীমার সুযোগ এখনো শেষ হয়নি। শেষ ম্যাচে সিদ্দিকবাজার
ঢাকা জুনিয়র এসসির বিপক্ষে মহাখালী পয়েন্ট হারালে এবং বীমা ইস্ট এন্ড ক্লাব ও শেষ ম্যাচে
নবাবপুর ক্রীড়া চক্রের বিপক্ষে নিজেদের বাকি দুই ম্যাচ জিতলে অবস্থান বদলে যেতে পারে।
আরকে/প্রবা