প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬ ১৯:৪৮ পিএম
বাংলাদেশ ও জাপানের ক্রীড়াঙ্গনে বন্ধুত্ব,
সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করে আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হলো ‘জাপান-বাংলাদেশ
বেসবল ফ্রেন্ডশিপ ম্যাচ-২০২৬’। মিরপুরের পুলিশ স্টাফ কলেজ মাঠে
দিনব্যাপী আয়োজিত এই আন্তর্জাতিক বন্ধুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন
করে বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশন (বিবিএসএ) প্রেসিডেন্ট একাদশ দল ৩-১ রানে জাপানের
শক্তিশালী দল সিনিয়র হাইস্কুল অব কোগাকুইন ইউনিভার্সিটি অব জাপানকে হারিয়ে চ্যাম্পিয়ন
হয়।
২০২৪ সালের নভেম্বরে একই প্রতিপক্ষের
বিপক্ষে বাংলাদেশ দল ৯-২ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছিল।
বৃহস্পতিবারের এই জয় ছিল মধুর প্রতিশোধ। সেই সঙ্গে এক অনন্য আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও
দলীয় ঐক্যের প্রতিফলনও, যা বাংলাদেশের বেসবল ইতিহাসে নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য মাইলফলক।
এ আয়োজনের প্রধান অতিথি ছিলেন সেলিম
ফকির (যুব ও ক্রীড়া অতিরিক্ত সচিব)। বিশেষ অতিথি ছিলেন কাজী মো. ফজলুল করীম, (বিপিএম,
সেবা, অতিরিক্ত আইজিপি ও রেক্টর, পুলিশ স্টাফ কলেজ), আমিনুল এহসান (পরিচালক, উপ-সচিব,
এনএসসি), ও মির্জা সিফাত-ই খুদা (পরিচালক , ক্রীড়া, আনসার ও ভিডিপি)।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিবিএসএর সভাপতি আফজালুর রহমান। আরও উপস্থিত ছিলেন বিবিএসএর সিনিয়র সহসভাপতি ডাঃ অনুপম হোসেন, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, যুগ্ম সম্পাদক ঈমাম হোসেন সোহাগসহ ফেডারেশনের অন্য কর্মকর্তা। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মেডেল, ক্রেস্ট, জার্সি ও মোমেন্টো প্রদান করা হয়।
আরকে/প্রবা