সাফ ফুটসালে ৮ গোলের থ্রিলার
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬ ২০:৪৩ পিএম
ফুটসালে
দুই দলেরই আন্তর্জাতিক অভিজ্ঞতা সীমিত। ফলে ম্যাচজুড়ে ছিল হাড্ডাহাড্ডি লড়াই ও টানটান
উত্তেজনা। কখনো বাংলাদেশ এগিয়েছে, কখনো পাল্টা আঘাতে সমতায় কিংবা লিডে গেছে ভারত। শেষ
পর্যন্ত রোমাঞ্চকর এই ম্যাচে কোনো দলই জয়ের হাসি হাসতে পারেনি। বুধবার (১৪ জানুয়ারি) থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ভারতের
সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছে বাংলাদেশ। দুই অর্ধে ২০ মিনিট করে খেলা ম্যাচে দুই দলই চারবার
করে বল জালে পাঠায়। বাংলাদেশের হয়ে দুটি করে গোল করেন অধিনায়ক রাহবার খান ও মঈন আহমেদ।
ম্যাচের
সূচনা থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। অধিনায়ক রাহবারের নিখুঁত পাস থেকে গোলের সূচনা
করেন মঈন। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি বাংলাদেশ। ভারতের হয়ে আনমোল অধিকারী গোল
করে ম্যাচে সমতা ফেরান।
প্রথমার্ধের
প্রথম টাইমআউটের আগেই আবারও লিড নেয় বাংলাদেশ। এবার মঈনের বাড়ানো বলে রাহবার খান গোল
করে স্কোরলাইন করেন ২-১। কিন্তু বিরতির ঠিক আগে দুর্ভাগ্য পিছু ছাড়েনি। ভারতের লালসোয়ামপুইয়ার
শট গোলরক্ষক তুহিনের পায়ে লেগে আত্মঘাতী গোল হয়ে যায় (২-২)।
দ্বিতীয়ার্ধের
শুরুতেই ভারত এগিয়ে যায়। লালরিনজুয়ালার পাস থেকে হেডে গোল করে দলকে উচ্ছ্বসিত করেন
রোলুয়াপুইয়া (৩-২)। তবে বাংলাদেশ দ্রুতই জবাব দেয়। ইনতিশারের পাস পেয়ে কোনাকুনি শটে
নিজের দ্বিতীয় গোলটি করেন মঈন, ম্যাচে ফেরান সমতা (৩-৩)।
ম্যাচের
শেষভাগে উত্তেজনা আরও বেড়ে যায়। আবারও এগিয়ে যায় ভারত, রোলুয়াপুইয়ার পা থেকে আসে তাদের
চতুর্থ গোল (৪-৩)। কিন্তু শেষ কথা বলার সুযোগ দেননি অধিনায়ক রাহবার খান। আনমোল অধিকারীর
ভুল কাজে লাগিয়ে দুর্দান্ত শটে বাংলাদেশকে আবারও সমতায় ফেরান তিনি (৪-৪)।
শেষ বাঁশি বাজার আগে জয়ের সুযোগ পেয়েছিল বাংলাদেশ, কিন্তু তা কাজে লাগানো সম্ভব হয়নি। ফলে রোমাঞ্চকর লড়াই শেষ হয় সমতায়। পরবর্তী ম্যাচে একই ভেন্যুতে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ।
আরকে/প্রবা