প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬ ১৮:৪৬ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬ ১৮:৪৮ পিএম
আজ বুধবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ অলিম্পিক
অ্যাসোসিয়েশনে (বিওএ) শেষ হয়েছে চার দিনব্যাপী’ ‘Sport Administrators Course’ শীর্ষক
প্রশিক্ষণ প্রোগ্রাম। এই কোর্সে অলিম্পিক ও নন-অলিম্পিকভুক্ত বিভিন্ন জাতীয় ফেডারেশন,
মাল্টি স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং বিকেএসপি থেকে মোট ২৮ প্রশিক্ষক ও ক্রীড়া সংগঠক অংশগ্রহণ
করেন।
এই কোর্সে ক্রীড়া কর্মকান্ড পরিচালনায়
অংশগ্রহণকারীদের দক্ষতাবৃদ্ধিসহ সংশ্লিষ্ট সবার দায়িত্ব ও কর্তব্যের বিষয়ে বিশদ আলোচনা
করা হয়। কোর্সে অলিম্পিক আন্দোলন ও অলিম্পিজমের মূল্যবোধের ওপরও আলোচনা করা হয়। তারপর
অংশগ্রহণকারীরা কোর্স চলাকালীন নির্ধারিত বিষয়ে আলোচিত জ্ঞানের আলোকে গ্রুপভিত্তিক
প্রেজেন্টেশন প্রদান করেন।
কোর্সটি পরিচালনা করেন বিওএর জাতীয়
কোর্স পরিচালক মোশারফ হোসেন মোল্লা, ফারুকুল ইসলাম ও কাজী মইনুজ্জামান। গেস্ট স্পিকার
হিসেবে বক্তৃতা প্রদান করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব) এ বি এম শেফাউল কবীর এবং ডা.
শফিকুর রহমান।
আজ বিওএ অডিটোরিয়ামে আয়োজিত সমাপনী
অনুষ্ঠানে বিওএর সহসভাপতি মেজর ইমরোজ আহমেদ (অব) প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারীদের
মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন। তিনি তার সমাপনী বক্তৃতায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে
বলেন, তারা যেন অর্জিত জ্ঞানকে ব্যবহারের মাধ্যমে নিজ নিজ ক্ষেত্রে উন্নতি সাধন করেন
এবং অলিম্পিক আন্দোলনকে বেগবান করতে সহায়তা করেন।
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
বিওএর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিওএর
কর্মকর্তারা।
আরকে/প্রবা