প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬ ২১:০৯ পিএম
ভারতের দিল্লি ও গুয়াহাটি সফর শেষ করে কাল বুধবার (১৪ জানুয়ারি) বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপের বহুল প্রত্যাশিত সোনালী ট্রফি। সকাল ১০টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে ট্রফিটি প্রদর্শনের জন্য রাখা হবে।
বিশ্বজুড়ে
ট্রফির এই ভ্রমণ আয়োজন করছে কোমলপানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোকা-কোলা। ‘ট্রফি ট্যুর’
নামে পরিচিত এই কর্মসূচি বিশ্বের ৩০টি দেশে মোট ১৫০ দিন ধরে চলবে। চলতি বছরের ৩ জানুয়ারি
ইতালিয়ান ফুটবল কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরোর মাধ্যমে যাত্রা শুরু করা এই সফরের
একটি গুরুত্বপূর্ণ গন্তব্য বাংলাদেশ। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে ট্রফির সঙ্গে
রয়েছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
বিশ্বকাপ
ট্রফি সরাসরি দেখার সুযোগ পাবেন কেবল কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের নির্বাচিত
বিজয়ীরা। প্রদর্শনীস্থলে প্রবেশের জন্য বৈধ টিকিটের পাশাপাশি কোকা-কোলার ক্যাপ সঙ্গে
রাখা বাধ্যতামূলক করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে দর্শকদের জন্য বেশকিছু কঠোর নির্দেশনাও
জারি করা হয়েছে। কোনোভাবেই ট্রফি স্পর্শ করা যাবে না। পাশাপাশি ৭×১০ ইঞ্চির বেশি আকারের
ব্যাগ বহন, ধূমপান, কোনো দেশ বা ফুটবল দলের পতাকা আনা নিষিদ্ধ করা হয়েছে। টিকিট পুনরায়
ব্যবহার বা অন্যের কাছে হস্তান্তরের সুযোগও নেই।
আগামী
১১ জুন কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে শুরু হবে ২৩তম ফিফা ফুটবল বিশ্বকাপ। ইতিহাসে
প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে এবারের আসরে। সেই আসরের আগে এক দিনের জন্য ঢাকায় অবস্থান
করবে বিশ্বকাপের সোনালী ট্রফি। এর আগেও ২০০২, ২০১৪ এবং ২০২২ বিশ্বকাপকে সামনে রেখে
ট্রফি ঢাকায় এসেছিল।
আরকে/প্রবা