× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফ ফুটসাল শুরু কাল

বাংলাদেশের প্রথম পরীক্ষা ‘ভারত’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬ ১৯:৩২ পিএম

বাংলাদেশের প্রথম পরীক্ষা ‘ভারত’

দক্ষিণ এশীয় ফুটবলে যুক্ত হলো নতুন একটি অধ্যায়সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টের প্রথম আসর শুরু হচ্ছে কাল বুধবার (১৪ জানুয়ারি)। তবে ব্যতিক্রমীভাবে প্রতিযোগিতাটি আয়োজন করা হচ্ছে দক্ষিণ এশিয়ার বাইরে, সাউথ ইস্ট এশিয়ার দেশ থাইল্যান্ডে। ব্যাংককের ননথাবুড়ি স্টেডিয়ামে আজ থেকেই মাঠে গড়াচ্ছে পুরুষদের ফুটসাল ম্যাচ, আর নারীদের প্রতিযোগিতা শুরু হবে বৃহস্পতিবার।

উদ্বোধনী ম্যাচেই শক্ত প্রতিপক্ষ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ পুরুষ ফুটসাল দল। পরদিন একই প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামবেন নারী দলের সদস্যরাও, যেখানে নেতৃত্ব দেবেন সাবিনারা।

বাংলাদেশের ফুটসালে পথচলা এখনও শুরুর পর্যায়ে। সদ্য আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয়েছে পুরুষ ফুটসাল দলের, যারা সম্প্রতি অংশ নিয়েছে এশিয়ান ফুটসাল বাছাইয়ে। নারী ফুটসাল দল সর্বশেষ আন্তর্জাতিক আসরে খেলেছিল ২০১৮ সালে, এশিয়ান বাছাইয়ে। এরপর দীর্ঘদিন এই শাখায় আর কোনো কার্যক্রম ছিল না। তবে তাবিথ আউয়াল দায়িত্ব নেওয়ার পর ফুটসালকে নতুন করে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের জন্য ঘোষিত বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটসাল দলের ১৪ সদস্যের স্কোয়াডের অধিনায়ক করা হয়েছে কানাডা প্রবাসী রাহবার ওয়াহেদ খানকে। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন ইন্তিশার মোস্তফা চৌধুরী। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন যথাক্রমে মো. তুহিন এবং কাজী ইব্রাহিম আহমেদ।

বাংলাদেশ দলের ডাগআউটে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ ইরানি কোচ সাঈদ খোদারাওমি। তার নেতৃত্বেই প্রথমবার সাফ ফুটসাল মঞ্চে নিজেদের সামর্থ্য দেখাতে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। দলের ম্যানেজার হিসেবে দায়িত্বে আছেন ইমরানুর রহমান।

এই টুর্নামেন্টে বাংলাদেশের সঙ্গে অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়ার আরও ছয়টি দেশভারত, নেপাল, পাকিস্তান, মালদ্বীপ, ভুটান ও শ্রীলঙ্কা। রাউন্ড-রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সব দলের সঙ্গে একবার করে খেলবে প্রতিটি দল, আর সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলই হবে প্রথম সাফ ফুটসাল চ্যাম্পিয়ন।
আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা