প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬ ২০:৪১ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬ ২০:৫৪ পিএম
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার। ছবি: সংগৃহীত
বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ইস্যুতে আইসিসি তিনটি নিরাপত্তা আশঙ্কার কথা জানিয়েছে বলে, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন তা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সরাসরি কোন জবাব নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিঠির জবাবে আইসিসির অভিমত বিষয়ে ক্রীড়া উপদেষ্টা যে তিনটি শর্তের কথা বলেছে সে বিষয়ে ব্যাখ্যা দিয়ে সোমবার ফেসবুকে একটি পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।
ফেসবুক স্ট্যাটাসে উপ-প্রেস সচিব লিখেছেন,“ক্রীড়া উপদেষ্টা আইসিসির যোগাযোগের যে কথা বলেছেন, সেটা আসলে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে হুমকি পর্যালোচনায় আইসিসির একটি আন্তঃবিভাগীয় একটি নোট। বাংলাদেশ ক্রিকেট টিমের ম্যাচগুলো ভারতের বাইরে নিয়ে যেতে যে অনুরোধ করেছে বাংলাদেশ, তার জবাবে আইসিসির পাঠানো কোনো জবাব নয়।”

এর আগে একটি সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, “আইসিসি’র সিকিউরিটি দায়িত্বে যারা আছেন, তারা একটি চিঠি দিয়ে জানিয়েছেন যে তিনটি জিনিস হলে বাংলাদেশের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটি হচ্ছে, বাংলাদেশ টিমে যদি মোস্তাফিজ অন্তর্ভূক্ত হয়। দুই হচ্ছে, বাংলাদেশ দলের যে সমর্থকরা আছে, তারা যদি বাংলাদেশের জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করে। আর থার্ড হচ্ছে, ইলেকশন যতো এগিয়ে আসবে ততো নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে।”
তবে ক্রীড়া উপদেষ্টা সংবাদ সম্মেলনে এই দাবি করলেও বক্তব্যের এক পর্যায়ে বলেন, বাংলাদেশ আইসিসিকে ‘চিঠি দেয়ার পর আইসিসির উত্তরের’ প্রত্যাশা করছে।