× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রীড়া উপদেষ্টার আশ্বাস

শর্তসাপেক্ষে সিলেট ও চট্টগ্রামের স্টেডিয়াম পাচ্ছে বাফুফে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬ ২০:১৮ পিএম

উপদেষ্টা হওয়ার পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে একবার প্রীতি ফুটবল ম্যাচ খেলেছিলেন আসিফ নজরুল। ক্রীড়া উপদেষ্টা হিসেবে সোমবার প্রথমবারের মতো বাফুফে ভবনে পরিদর্শনে যাওয়ার পরে তাকে সেই ম্যাচের একাধিক ছবি বাঁধিয়ে উপহার দেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ছবি : বাফুফে

উপদেষ্টা হওয়ার পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে একবার প্রীতি ফুটবল ম্যাচ খেলেছিলেন আসিফ নজরুল। ক্রীড়া উপদেষ্টা হিসেবে সোমবার প্রথমবারের মতো বাফুফে ভবনে পরিদর্শনে যাওয়ার পরে তাকে সেই ম্যাচের একাধিক ছবি বাঁধিয়ে উপহার দেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ছবি : বাফুফে

যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর সোমবার (১২ জানুয়ারি) এই প্রথম বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) এলেন আসিফ নজরুল। বাফুফে কর্তাদের সাথে নানা বিষয় নিয়ে আলোচনার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন, সিলেট ও চট্টগ্রামের স্টেডিয়াম পুরোপুরি ফুটবলকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ সংস্থাটির অন্য কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ শেষে ফুটবলের সাম্প্রতিক সময়ের সাফল্য, বিশেষ করে ভারতকে হারানো, কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের কার্যক্রমসহ নানা বিষয় নিয়ে কথা বলেন আসিফ নজরুল।

আলোচনায় অবশ্য প্রাধান্য পেয়েছে ফুটবলের জন্য ‘ডেডিকেটেড’ স্টেডিয়াম। ফুটবলের জন্য ফিফা টায়ার-১ ক্যাটাগরির স্টেডিয়ামে মূলত দেশে আছে দুটি-বসুন্ধরা কিংস অ্যারেনা ও ঢাকা জাতীয় স্টেডিয়াম। জাতীয় স্টেডিয়ামে অবশ্য ফুটবলের বাইরে আরচারি, অ্যাথলেটিক্সসহ অন্যান্য খেলাও অনুষ্ঠিত হয়। ফুটবলের জন্য আরও কয়েকটি স্টেডিয়ামের দাবি তাই ছিল অনেক দিনের। সে দাবিও কিছুটা মেটানোর কথা জানান ক্রীড়া উপদেষ্টা, ‘আজকে আমার কাছে ওনাদের কিছু দাবি-দাওয়া ছিল। আমি খুব অল্প দিনের জন্য আছি, কিন্তু তারপরও আমার কাছে মনে হয়েছে কয়েকটা বিষয়ে আমরা ওনাদের দাবির সাথে একমত পোষণ করেছি। একটা হচ্ছে ঢাকা স্টেডিয়াম যেটা আছে, এটা সম্পূর্ণভাবে ফুটবলকে দিয়ে দেওয়া। তবে অন্যান্য যে খেলাধুলা আছে ক্রিকেট ছাড়া, তাদের আয়োজনের প্রয়োজন হলে সেখানে আয়োজন করবে। যদি তারা অন্য কোথাও উদাহরণসরূপ পূর্বাচল স্টেডিয়াম বা অন্য কোথাও যদি তারা জায়গা পেয়ে সরে যায় তখন এটা সম্পূর্ণ ফুটবলের হয়ে যাবে।

এছাড়া সিলেট এবং চট্টগ্রাম স্টেডিয়াম, এগুলো ডেডিকেটেড ওয়েতে ফুটবলকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। তবে শর্ত আছে, ক্রিকেট ছাড়া অন্যান্য খেলার যদি টুর্নামেন্ট আয়োজনের প্রয়োজন পড়ে, ওনারা সেখানে আয়োজন করতে দেবেন।’

কমলাপুর স্টেডিয়ামের মাঠের দায়িত্বভারের পাশাপাশি গ্যালারি, ডরমেটরির রক্ষণাবেক্ষণের দায়িত্বও বাফুফেকে দেওয়ার কথা বলেন তিনি, ‘আমাদের কমলাপুরে যে স্টেডিয়ামটা আছে, সেখানে শুধু মাঠের দায়িত্বভার ফুটবলকে দেওয়া হয়েছিল, এখন গ্যালারির দায়িত্বভারও দেওয়া হয়েছে। সেখানে যে ডরমিটরি আছে, সেটাও রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা করবে ফুটবল ফেডারেশন, কিন্তু ওখানে অ্যালোকেশন দেবে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে।’

প্রতিষ্ঠার ৫৩ বছরেও নিজস্ব কোনো মাঠ নেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। আজ বাফুফে ভবন পরিদর্শনে আসা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের কাছে তাই কয়েকটি স্টেডিয়াম চেয়েছেন বাফুফের বর্তমান কমিটির সদস্যরা।

আসিফ নজরুলও আশ্বস্ত করেছেন তাঁদের। জানিয়েছেন, ঢাকার জাতীয় স্টেডিয়াম, সিলেট ও চট্টগ্রাম জেলা স্টেডিয়াম এখন থেকে পুরোপুরি ফুটবলের, তবে সেটা শর্ত সাপেক্ষে।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল অবশ্য আরও কয়েকটি স্টেডিয়াম পাওয়ার ব্যাপারে আশাবাদী, ‘আমরা তো সব সময় আশ্বাসের ওপরে বিশ্বাস রাখি। সকলের চেষ্টা থাকলে এবং সকলকে নিয়ে দেশের স্বার্থে, ফুটবলের স্বার্থে আমরা খালি দুটো স্টেডিয়াম দিয়ে শুরু করতে যাচ্ছি, ভবিষ্যতে আরও কয়েকটা স্টেডিয়াম আমরা পাব।’

‎‎পাশাপাশি ভবিষ্যতেও সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদী তাবিথ, ‘আজকে আমরা মূলত আমাদের আগামী এক বছরের যে কর্মপরিকল্পনা হাতে নিয়েছিলাম, সেটা উপদেষ্টা মহোদয়ের সঙ্গে শেয়ার করেছিলাম। এ ছাড়া সরকার যে সহযোগিতা করেছে আর্থিকভাবে এবং অবকাঠামোর মাধ্যমে, আমরা চাই সেটা অন্তত আগামী এক বছর যেন অব্যাহত থাকে।’

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা