প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬ ১৮:৫২ পিএম
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোমাঞ্চে ঠাসা লো স্কোরিং ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে জয় তুলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। শেষ বল পর্যন্ত গড়ানো এই উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১ বলে ২ রান দরকার থাকা অবস্থায় ঠান্ডা মাথায় দুই রান নিয়ে ২ উইকেটে দলের জয় নিশ্চিত করেন পাকিস্তানি ব্যাটার হাসান নাওয়াজ। এর ফলে সাত ম্যাচে পঞ্চম জয় তুলে নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও দৃঢ় করল চট্টগ্রাম।
আজ শুক্রবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক শেখ মাহেদী হাসান। বোলিং সহায়ক উইকেটে শুরু থেকেই চাপে পড়ে রাজশাহীর ব্যাটাররা। পাওয়ার-প্লেতে দুই উইকেট হারিয়ে ৪২ রান তুললেও দলীয় ফিফটির আগেই সাজঘরে ফেরেন তিন টপ অর্ডার ব্যাটার। রান তুলতে হিমশিম খাওয়া রাজশাহীর ইনিংসে বড় জুটি দেখা মেলেনি।
ইনিংসের শুরুতে আক্রমণাত্মক খেললেও শেষ পর্যন্ত ওপেনার মোহাম্মদ ওয়াসিম ১৪ বলে ১৯ রান করে ফেরেন। তিন নম্বরে নেমে ছন্দে থাকা নাজমুল হোসেন শান্তও ব্যর্থ হন ১০ বলে মাত্র ৭ রান করে বোলার হাসান নাওয়াজের শিকার হন তিনি। ওপেনার তানিজদ হাসান তামিমও বেশিক্ষণ টিকতে পারেননি; ১২ বলে ৫ রান করে আমের জামালের বলে আউট হন।
মিডল অর্ডারে মুশফিকুর রহিম (১৫), এসএম মেহরব (১৯), রায়ান বার্ল (১১) ও আকবর আলী (১৭) কিছুটা থিতু হলেও কেউই ইনিংস বড় করতে পারেননি। শেষ পর্যন্ত দুর্দান্ত বোলিংয়ের সামনে ৯ উইকেটে ১২৮ রানেই থামে রাজশাহীর ইনিংস। আমের জামাল নেন ৩ উইকেট, আর শরীফুল ইসলাম ও তানভীর ইসলাম নেন ২টি করে উইকেট।
১২৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই চরম বিপদে পড়ে চট্টগ্রাম রয়্যালস। রাজশাহীর আগ্রাসী বোলিংয়ে মাত্র ৪.২ ওভারে ২৮ রানে হারায় ৪ উইকেট। পাওয়ার-প্লে শেষে স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৩৪ রান। মোহাম্মদ নাঈম (৭), অ্যাডাম রোসিংটন (১৭), মাহমুদুল হাসান জয় (৪) ও সাদমান ইসলাম রান তোলার আগেই সাজঘরে ফেরেন।
চরম চাপের মুহূর্তে দলের হাল ধরেন অধিনায়ক শেখ মাহেদী হাসান ও হাসান নাওয়াজ। পঞ্চম উইকেটে তাদের ৪০ বলে ৪০ রানের জুটি চট্টগ্রামকে আবার ম্যাচে ফেরায়। তবে ১১তম ওভারের শেষ বলে মাহেদী (২৮) বোল্ড হলে ভাঙে এই জুটি। এরপর আসিফ আলীর সঙ্গে ষষ্ঠ উইকেটে ৩৪ বলে ৩৫ রানের আরেকটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন হাসান নাওয়াজ।
১৭তম ওভারে আসিফ আলী (২৭) আউট হলে ম্যাচে আবার নাটকীয়তা বাড়ে। লং অফে নাজমুল হোসেন শান্তের দৃষ্টিনন্দন ডাইভিং ক্যাচে ভাঙে এই জুটি। এরপর দ্রুত উইকেট হারিয়ে ১৬.৪ ওভারে ৬ উইকেটে ১০৩ রান থেকে ১৮.৪ ওভারে ৮ উইকেটে ১১৯ রানে নেমে আসে চট্টগ্রাম।
শেষ পর্যন্ত একপ্রান্ত আগলে রেখে ম্যাচ জয়ের নায়ক হয়ে ওঠেন হাসান নাওয়াজ। শেষ বল পর্যন্ত ব্যাট করে ৩৬ বলে ২ চারে অপরাজিত ৩৫ রান করেন তিনি। ব্যাটে ও বলে অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচসেরার পুরস্কার জেতেন হাসান নাওয়াজ। রাজশাহীর হয়ে বিনুরা ফার্নান্দো ছিলেন সবচেয়ে সফল বোলার ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ৩ উইকেট, একটি মেডেনসহ।
রাজশাহী ওয়ারিয়রস: ২০ ওভারে ১২৮/৯ (মেহরব ১৯, ওয়াসিম ১৯, আকবর ১৭, মুশফিক ১৫; জামাল ৩/২৩, শরীফুল ২/২০, তানভীর ২/২৬)।
চট্টগ্রাম রয়্যালস: ২০ ওভারে ১২৯/৮ (নওয়াজ ৩৫*, মেহেদী ২৮, আসিফ ২৭; বিনুরা ৩/১৮, মেহরব ২/২৫)। ফল: চট্টগ্রাম রয়্যালস ২ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: হাসান নওয়াজ।