প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬ ২২:৩০ পিএম
নারী
ফুটবল লিগে বুধবার (৭ জানুয়ারি) মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিটি ম্যাচেই জয়-পরাজয় নিস্পত্তি
হয়। মোট গোল হয়েছে ৩৫টি, হ্যাটট্রিক হয়েছ ৪টি। ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী
মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সবচেয়ে বড় জয় কুড়িয়ে নিয়েছে বাংলাদেশ পুলিশ
ফুটবল ক্লাব। গতবারের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমিকে তারা উড়িয়ে দিয়েছে ১৫-০
গোলে। এছাড়া বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাব ৫-১ গোলে আনসার ও ভিডিপি ফুটবল ক্লাবকে,
সদ্যপুস্করিনী যুব স্পোর্টিং ক্লাব ৯-০ গোলে কাচারিপাড়া একাদশ উন্নয়ন সংস্থাকে, ঢাকা
রেঞ্জার্স ফুটবল ক্লাব ১-০ গোলে সিরাজ স্মৃতি সংসদকে এবং রাজশাহী স্টারস ফুটবল ক্লাব
৪-০ গোলে বিকেএসপি ফুটবল ক্লাবকে হারায়।
পুলিশ-নাসরিন
ম্যাচে হ্যাটট্রিক করেছেন সাগরিকা। সব মিলিয়ে এই ফরোয়ার্ড পাঁচবার পেয়েছেন জালের দেখা।
এছাড়া জয়ী দলের সানজিদা আক্তার, আইরিন খাতুন, সাবিনা আক্তার রুবি ও রোজানা বিনতে রিজভি
২টি করে এবং সুরমা জান্নাত ও কোহাতি একটি করে গোল করেন। ম্যাচসেরা হন সাগরিকা।
আর্মি-আনসার
ম্যাচে আর্মির তনিমা বিশ্বাস ও মোসাম্মদ সুলতানা জোড়া গোল করেন। অপর গোলটি শিখা আক্তারের।
আনসারের গোলটি মামনি চাকমার। ম্যাচসেরা হন তনিমা।
সদ্যপুস্করিনী-কাচারিপাড়া
ম্যাচে বিজয়ী দলের পায়েল ও মিম ইসলাম হ্যাটট্রিক করেন। ১টি করে গোল করেন ঝিনুক, শিলা
আক্তার ও হৈমন্তী। ম্যাচসেরা হন বিজয়ী দলের অনন্যা খানম।
রেঞ্জার্স-সিরাজ
ম্যাচে জয়ী দলের কল্পনা আক্তার পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন এবং ম্যাচসেরাও হন।
রাজশাহী-বিকেএসপি ম্যাচে জয়ী দলের আলপি আক্তার হ্যাটট্রিক করেন। ১টি গোল আফঈদা খন্দকারের।
আরকে/প্রবা