প্রবা স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ২০:৪২ পিএম
পেশাদার টেনিস খেলোয়াড়দের সংগঠন প্রফেশনাল টেনিস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (পিটিপিএ) থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নোভাক জোকোভিচ। সংগঠনের স্বচ্ছতা ও শাসনব্যবস্থা নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে বিশ্ব টেনিসের অন্যতম সেরা টেনিস তারকা এই সিদ্ধান্ত নিয়েছেন।
সার্বিয়ার
২৪বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা ২০২১ সালে কানাডিয়ান টেনিস খেলোয়াড় ভাসেক পসপিসিলের
সঙ্গে যৌথভাবে পিটিপিএ প্রতিষ্ঠা করেন। মূলত খেলোয়াড়দের জন্য একটি স্বাধীন ও শক্তিশালী
কণ্ঠ তৈরি করাই ছিল সংগঠনটির লক্ষ্য।
তবে
নাটকীয়ভাবে সেই সংস্থা থেকেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জোকার। সংগঠনের স্বচ্ছতা
ও পরিচালনা পদ্ধতির প্রশ্ন তুলে পদত্যাগ করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে
দেওয়া এক পোস্টে জোকোভিচ নিশ্চিত করেন সংগঠনটির বর্তমান মূল্যবোধের সঙ্গে দূরত্ব বাড়ার
কথা। তাই সব বাদ দিয়ে আপাতত খেলা ও পরিবার নিয়েই সময় কাটাতে চান তিনি।
সম্প্রতি
এটিপি এবং ডব্লিউটিএ'সহ বিভিন্ন সংস্থার বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছিল পিটিপিএ। সেই
মামলার বিভিন্ন ক্ষেত্রগুলোতে দ্বিমত ছিল জোকোভিচের। মূলত, দৃষ্টিভঙ্গির এই পার্থক্যই
তাকে সরে যেতে বাধ্য করল।
আরকে/প্রবা